ছাত্রের সঙ্গে মাদ্রাসা সুপারের এ কেমন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও ডি-হাট দাখিল মাদ্রাসার এক ছাত্র নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের ভাষ্যমতে, মাদ্রাসার সুপার কাজী মো. তোফাজ্জল হোসেন গত শুক্রবার তার সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করেন। এ ঘটনায় গতকাল রোববার বিক্ষুব্ধ অভিভাবকেরা সন্তানদের মাদ্রাসায় পাঠাননি। কোনো পাঠদানও হয়নি।ছাত্রের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে আগের দিন শনিবার সকাল ১০টার দিকে কালিকাগাঁও গ্রামের কয়েক শ বিক্ষুব্ধ লোক মাদ্রাসা ঘেরাও করে। তারা মাদ্রাসার কার্যালয়ে মো. তোফাজ্জল হোসেনকে প্রায় আট ঘণ্টা অবরোধ করে রাখে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকছেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এলাকার বিএনপির লোকজন আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে। আর যাকে নিয়ে এ ঘটনা, সে ইসলামী ছাত্রশিবির করে।’ তিনি বলেন, ‘শোনেন, আমি ছোটখাটো মানুষ নই। আমি বাংলাদেশ ওলামা লীগের ঠাকুরগাঁও জেলার সভাপতি।’এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মো. তোফাজ্জল হোসেন সদর উপজেলার তেওয়ারীগাঁওয়ে তাঁর মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রের বাসায় যান। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ওই ছাত্রের সহযোগিতা দরকার বলে তার বাবার কাছে অনুরোধ করেন। বাবার অনুমতি পেয়ে মাদ্রাসা সুপার মোটরসাইকেলে করে ওই ছাত্রকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে না গিয়ে পূর্ব শুকানপুকুরীতে নিজের বাড়ির দিকে যান। ওই ছাত্র প্রথম আলোকে জানায়, পূর্ব শুকানপুকুরীতে যাওয়ার কারণ জানতে চাইলে মো. তোফাজ্জল বলেন, ‘আগে বাড়ি যাই, ফোন করলে বিয়েবাড়ি যাব।’ ওই ছাত্র আরও জানায়, বাড়িতে যাওয়ার পর মো. তোফাজ্জল বিছানা দেখিয়ে বলেন, ‘তুমি ঘুমিয়ে পড়ো। আমি একটু কাজ সেরে ঘুমাব।’ বাড়িতে মাদ্রাসা সুপারের স্ত্রী ও সন্তানেরা ছিলেন না বলে ওই ছাত্র জানায়।ওই ছাত্র জানায়, রাতে মো. তোফাজ্জল ওই ছাত্রের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ শুরু করেন। ঘুম ভেঙে গেলে ছাত্রটি বিব্রতকর অবস্থায় পড়ে। বাধা দিলে ওই ছাত্রকে ভয়ভীতি দেখান তোফাজ্জল। ভোরের দিকে তোফাজ্জলের বাড়ি থেকে পালিয়ে ওই ছাত্র বিষয়টি তার চাচাকে জানায়। এমন কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদে গ্রামের বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসা ঘেরাও করে।এলাকাবাসী মো. আকতারুজ্জামান জানান, কিছুদিন আগে ওই মাদ্রাসার আরেক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাঁর বিচার না হতেই আবার এই ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেছে।কালিকাগাঁও ডি-হাট দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকছেদুর রহমান প্রথম আলোকে জানান, ‘মাদ্রাসার সুপার মো. তোফাজ্জলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ শুনেছি। সুষ্ঠু তদন্ত করে বিষয়টির নিষ্পত্তি করা হবে। এ বিষয়ে আজ সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হতে পারে।’ গতকাল মাদ্রাসায় কোনো পাঠদান হয়নি বলে তিনি নিশ্চিত করেন।