ছাত্রের হাত-পায়ের রগ কাটার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের দশম শ্রেণীর এক ছাত্রের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সামছুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বহরা ইউনিয়নের কাশিমনগর রেলস্টেশন থেকে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। সামছুল ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। এদিকে এখলাছুর রহমানের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল (জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও আহাম্মদপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী ইদ্রিস আলীর মেয়ের সঙ্গে দশম শ্রেণীর ছাত্র এখলাছুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। ২ এপ্রিল রাতে ইদ্রিস আলী মেয়েকে দিয়ে মুঠোফোনে এখলাছুর রহমানকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর ইদ্রিস আলী ও তাঁর লোকজন এখলাছুর রহমানের হাত ও পায়ের রগ কেটে দেন। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ আহত এখলাছুর রহমানকে উদ্ধার করে। ঘটনার পর থেকে ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। গ্রেপ্তার হওয়া সামছুল ইসলাম ইদ্রিস আলীর মেয়ের জামাই। মাধবপুর থানার এসআই শামস ই তাব্রীজ বলেন, সামছুলকে কারাগারে পাঠানো হয়েছে।