ছাত্রের হাত ভেঙে দেওয়ার ঘটনায় শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সামিউর রহমানের হাত ভেঙে দেওয়ার অভিযোগে বিদ্যালয়টির শিক্ষক সাইফুল্লাহ খানকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হোসেন বদলির এ আদেশ দেন।
জানা গেছে, গত বুধবার সকালে ক্লাস চলাকালে চাঁদপুর শহরের মমিনপাড়ার আবদুল বারেকের ছেলে সামিউর (১১) তার পাশে বসা সহপাঠী হাসিবের সঙ্গে কথা বলে। তখন সেখানে থাকা কৃষিশিক্ষা বিভাগের শিক্ষক সাইফুল্লাহ খান কথা বলার অপরাধে হাতে থাকা ডাস্টার দিয়ে তাদের মারপিট করেন। এ সময় ডাস্টারের আঘাতে সামিউরের ডান হাতের কনুইয়ের হাড় ফেটে যায়। বিকেলে বাসায় আসার পর ডান হাত ফুলে গেলে সামিউর বিষয়টি তার মাকে জানায়। ঘটনা জানতে পেরে চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এ নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে।