ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর বাজারে গত শনিবার প্রাক্তন ছাত্রের হাতে অবসরপ্রাপ্ত একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের নাম ফিরোজ কামাল। তিনি লাউর ফতেপুর কেজি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযুক্ত ছাত্র হলেন আইনজীবী জাকির আহামঞ্চদ। তিনি ওই স্কুলের প্রাক্তন ছাত্র। তাঁদের দুজনেরই বাড়ি লাউর ফতেপুর গ্রামে।এলাকাবাসী জানায়, ৩ মে নবীনগর মহিলা কলেজে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ফিরোজ কামাল কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সামনে জাকিরের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কথা তুলে ধরেন। এর জের ধরেই জাকির এ ঘটনা ঘটান। ফিরোজ কামাল (৬২) অভিযোগ করেন, তাঁর স্ত্রী অসুস্থ থাকায় তিনি শনিবার দুপুরে লাউর ফতেপুর বাজারে ওষুধ কিনতে যান। বাজারের একটি দোকানে ১০-১২ জন লোক নিয়ে বসা ছিলেন তাঁরই প্রাক্তন ছাত্র আওয়ামী লীগের সমর্থক জাকির আহামঞ্চদ। তাঁকে দেখে জাকির দোকান থেকে উঠে এসে সবার সামনে তাঁর পাঞ্জাবির কলার চেপে ধরেন ও তুই-তুকারি করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে জাকির তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এ ছাড়া জাকির তাঁর ওপর হাতও তোলেন।তবে আইনজীবী জাকির আহামঞ্চদ বলেন, ‘স্যারকে লাঞ্ছিত করা কিংবা শরীরে হাত তোলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি স্যারের সরাসরি ছাত্র ছিলাম। স্যারকে আমি এখনো শ্রদ্ধা করি।’ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।’