ছাদ ও কার্নিশে সবুজের সমারোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বাড়ির ছাদের বাগান পরিচর্যা করছেন আমিনুল ইসলাম l ছবি: প্রথম আলো
নিজের বাড়ির ছাদের বাগান পরিচর্যা করছেন আমিনুল ইসলাম l ছবি: প্রথম আলো

ছয়তলা বাড়ির ছাদে ছায়াঘন পরিবেশ। ঝোপালো একটি সফেদাগাছ। তাতে কাক বাসা বেঁধেছে। ফুটে আছে নয়নতারা, জুঁই, টগর, গন্ধরাজ, ল্যান্টানা, অ্যালামন্ডা, কাঠ গোলাপ, ভেলভেট, শাপলা আর বাগানবিলাস। পেঁপে, ডালিম, সফেদা ও আমড়াগাছে থোকা থোকা ফল ঝুলছে।
গত শুক্রবার বিকেলে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে ছাপরা মসজিদ এলাকার এক বাড়ির ছাদবাগানে গিয়ে এই সবুজের সমারোহ দেখা গেছে। ছয়তলা ওই বাড়ির দুই, তিন ও চারতলার কার্নিশ ভরে আছে নানা প্রজাতির গাছে। সামনের অংশের প্রায় অর্ধেক ছেয়ে আছে ফুলে ভরা বাগানবিলাসে। তাতে কিচিরমিচির করছে পাখপাখালির ঝাঁক।
এ বাড়ির ছাদ প্রায় ১২০০ বর্গফুট। বাগান সাজানো হয়েছে তিন ভাগে। কিনার দিয়ে কংক্রিটের দেয়াল। কয়েকটি ধাপে মাটি ভরাট করা। সেখানে গাছ লাগানো। চৌবাচ্চা ও টবের পানিতে ভাসছে ওয়াটার লিলি। লোহার মাচা বেয়ে উঠছে লতানো গাছ। আধুনিক স্থাপত্য বাগানে দিয়েছে পরিপাটি সৌন্দর্য। আছে ফলদ, বনজ, সবজি ও ফুলগাছ। এর মধ্যে জলপাই, সফেদা, তেঁতুল, কামরাঙা, বাতাবিলেবু, পেয়ারা, জামরুল, আমড়া, ডালিম, কতবেল, কুল, ড্রাগন, পেঁপে, টক ফল, লবঙ্গ, লেবু, লিচু, তুলসী, মেটে আলু, চালকুমড়া, বেগুন, ঢ্যাঁড়স, পুঁইশাক, তেলাকুচ শাক, বরবটি, ভেটকোল, মিষ্টিকুমড়া, মানকচু, ওল, মরিচ, ক্যাপসিকাম, শজনে, কাঞ্চন ফুল, কয়েক প্রজাতির পাতাবাহার, রঙ্গন, মধুমঞ্জরি, পাকুড়, সন্ধ্যামালতী, অপরাজিতা, নয়নতারা, পদ্ম, মল্লিকা, টগর, ছাতিম, পারুল। অ্যাডোনিয়াম, বট, নিম ও বকুলের বনসাই। এ ছাড়া আছে চেরি, ভেলভেট ও কামিনী।
বাগানমালিক আমিনুল ইসলাম ২০০৫ সালে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে বাড়ির কার্নিশে বাগান করার অনুপ্রেরণা পান। ফিরে এসে বাড়ির কাঠামোয় পরিবর্তন আনেন। ঝিনাইদহ থেকে মাটি ও গোবর সার এনে গাছ লাগানোর জায়গা প্রস্তুত করেন। কার্নিশে বাগান গড়ে তোলেন। আর ছাদবাগান শুরু করেন ২০০১ সালে। ওই বাগানে কোনো কোনো গাছের বয়স এখন ১০ বছর। প্রতি মৌসুমে এসব গাছে ফলও হচ্ছে। প্রথম দিকে গাছের পরিমাণ কম থাকলেও বর্তমানে সংখ্যা এক শ ছাড়িয়েছে।
আমিনুল ইসলাম কারুশিল্পী। বিভিন্ন হস্ত ও কুটির শিল্পসামগ্রী উৎপাদন তাঁর পেশা। গ্রামের বাড়ি ঝিনাইদহেও এক একর জায়গায় বাগান করেছেন। বাগানের শখ তাঁর দীর্ঘদিনের। নিজে প্রতিদিন দুবেলা বাগানের যত্ন নেন। মাঝেমধ্যে অল্প পরিমাণ কীটনাশক ছিটিয়ে গাছের পোকা দমন করেন। নিয়ম করে গাছের গোড়ায় জৈব সার দেন। বলেন, দুপুরে দোয়েল, শালিক, বুলবুলি, চড়ুই ও টুনটুনি পাখি বাগানে আশ্রয় নেয়। মাঝেমধ্যে ঘুঘুও আসে।
গাছের প্রতি ভালোবাসা ও ছাদবাগান সম্পর্কে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিজ হাতে সবজি ও ফল তুলে খাওয়ার আনন্দটা পাই। বৃষ্টির দিনে গাছের গা বেয়ে টুপটুপ পানি পড়ার দৃশ্য আমাকে মুগ্ধ করে। শাখা-প্রশাখার ফাঁক গলে চাঁদের আলো ঘরে ঢুকে মেঝে ও দেয়ালে আলোছায়া সৃষ্টি করে, ওই দৃশ্যও আমাকে খুব টানে।’