
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের তিনটি কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। প্রায়ই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।
এলাকাবাসীর অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বলে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা বা উপজেলা প্রশাসন কেউ এ বিদ্যালয়টির দিকে তেমন নজর দিচ্ছে না। এ কারণে ঝুঁকির মধ্যে পাঠদার করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
কমলগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁঞা বলেন, ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভবন সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি কিছুদিন আগে রাজনগর উপজেলায় বদলি হয়ে গেছেন।
বিদ্যালয়টির জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আজির বক্স বলেন, বিদ্যালয়ে চার কক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। এর একটিতে অফিস কক্ষ। বাকি তিনটি কক্ষের দেয়াল ও ছাদসহ বেশ কয়েক জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদনও করা হয়েছে। তারপরেও কাজ হয়নি।
ছয়ঘরি গ্রামের অভিভাবক রহিম মিয়া ও মাসুক আলী বলেন, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত আতঙ্কে থাকতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান বক্সও ভবনে ফাটল ও এ নিয়ে আতঙ্কের কথা জানান।
কমলগঞ্জ উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী বলেন, ‘আশা করি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’