ছাদ চুইয়ে পানি পড়ে, আছে বইসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে খুলনা নগরের বয়রায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারটি। এখানে এসে শিক্ষার্থীরা প্রয়োজনীয় বই পাচ্ছে না। গ্রন্থাগার ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, একটি দ্বিতল ভবনে ১৯৬৪ সালে গণগ্রন্থাগারের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সরকারি বিএল কলেজ, সরকারি বয়রা মহিলা কলেজ, সরকারি আজম খান কমার্স কলেজ এবং অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করে। এখানে সাহিত্য, বিজ্ঞান, গল্প, উপন্যাস, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর লক্ষাধিক বই আছে। এখানে আঞ্চলিক ও জাতীয় দৈনিক সংবাদপত্রের পাশাপাশি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা ও সাময়িকী রাখা হয়। গণগ্রন্থাগার সূত্রে আরও জানা গেছে, এখানে জ্যেষ্ঠ গ্রন্থাগারিক দুটিসহ কর্মকর্তা ও কর্মচারীর ১২টি পদ আছে। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ছয়জন। বাকি ছয়টির মধ্যে জ্যেষ্ঠ গ্রন্থাগারিক, রেফারেন্স সহকারী ও মালীর একটি করে এবং পাঠকক্ষ সহকারীর দুটি পদশূন্য। এখানে কর্মরত একজন পাঠকক্ষ সহকারীকে নড়াইলের গণগ্রন্থাগারে প্রেষণে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনে এখানে একটি ফটোস্ট্যাট মেশিন ছিল। দীর্ঘদিন ধরে এটি বিকল অবস্থায় পড়ে আছে। অনেক দিন ধরে এখানে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন বই আনা হয় না। পাঠক আমিনুল হক বলেন, চাহিদা অনুযায়ী নতুন বই নেই। পুরোনো বইগুলোর অবস্থা খুব খারাপ। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় অনেক বই নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, ভবনটির তিনতলার দেওয়াল স্যাঁতসেঁতে হয়ে গেছে। নিয়মিত পরিষ্কার না করায় র‌্যাকে রাখা বইগুলোর ওপর ধুলা জমে আছে। দোতলার ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ছে। বয়রা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী সাম্মি আকতার বলেন, রাষ্ট্রবিজ্ঞান বইটি খুব দরকার ছিল। কিন্তু এ গ্রন্থাগারে এসে এটি পেলাম না। বিএল কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মাসুদ শেখ বলেন, ‘দিন দিন পাঠ্যবইয়ের পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে এসে সেই বইগুলো আমরা পাচ্ছি না। আমাদের সব বই কিনে পড়া সম্ভব নয়।’গণগ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ গ্রন্থাগারিক মো. আহসান উল্লাহ বলেন, লোকবলের অভাবে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। সঠিকভাবে সংস্কার না করায় ভবনটি এখন জীর্ণশীর্ণ হয়ে গেছে। এসব সমস্যার বিষয়ে প্রতিমাসে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, কিন্তু আজও ব্যবস্থা নেওয়া হয়নি।