নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি হলেই স্টেশন ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। আর মাঝেমধ্যেই খসে পড়ছে পলেস্তারা।গত ৩১ আগস্ট সরেজমিনে দেখা গেছে, টিকিট কাউন্টারের কাছে যাত্রীদের দীর্ঘ সারি। অনেকে কাকভেজা অবস্থায় টিকিট সংগ্রহের চেষ্টা করছে। বুকিং সহকারী রেজাউল ইসলামকে দেখা গেল, ছাদের নিচে ছাতা মাথায় দিয়ে কম্পিউটার চালানোর চেষ্টা করছেন। তিনি জানান, দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। দেড় শ বছরের পুরোনো টার্মিনাল ভবনটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদ চুইয়ে পানি পড়ছে। মাঝেমধ্যেই চাপ চাপ পলেস্তারা খসে পড়ছে। মৃত্যুর ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করছেন। স্টেশনমাস্টার, সহকারী স্টেশনমাস্টার, টিকিট কালেক্টর কক্ষ, যাত্রী অপেক্ষার কক্ষ, ট্রেন পরিদর্শনকক্ষ, প্ল্যাটফর্ম—সব খানেই অঝোরে পানি পড়ছে। ছাদের নিচে দাঁড়িয়েও ভিজতে হচ্ছে যাত্রীদের।নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মী জানান, গত অর্থবছরে এ স্টেশন থেকে রেলওয়ের রাজস্ব আয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। এ আয়ের কোনো অংশই স্টেশনটির সংস্কারে ব্যয় করা হয়নি।দিনাজপুরের রানীর বন্দর থেকে আবদুর রশিদ এসেছিলেন নীলসাগর এক্সপ্রেসের টিকিট নিতে। তিনি বলেন, ‘তিন ঘণ্টা দাঁড়িয়ে আছি লাইনে। ছাদ চুইয়ে পানি পড়ছে, ভিজে একাকার হচ্ছি। বৃষ্টিতে কম্পিউটার অচল। তাই অপেক্ষা ছাড়া উপায় নেই।’স্টেশনের কুলি আবদুল্লাহ আশঙ্কা প্রকাশ করে জানান, যেকোনো সময় স্টেশন ভবনটি ধসে পড়ে অনেক মানুষ মারা যাবে। স্টেশনের সহকারী মাস্টার আলমগীর হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার বিষয়টি জানানো হয়েছে। গত দুই মাস আগে স্টেশনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, সৈয়দপুর স্টেশনটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে ছাদ সংস্কারের কাজ করা হবে।