ছাদ চুইয়ে শ্রেণীকক্ষে বৃষ্টির পানি
ভারী বর্ষণ হলে ভবনের ছাদ চুইয়ে শ্রেণীকক্ষের ভেতরে পানি পড়তে শুরু করে। শিক্ষার্থীরা তখন পানি থেকে নিজেকে ও বইখাতা রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। নিরুপায় হয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয় শিক্ষকদের। এ চিত্র সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।উপজেলা এলজিইডি কার্যালয় ও বিদ্যালয় সূত্র জানায়, এলজিইডির অধীনে পিইডিপি-২ প্রকল্পের আওতায় ২৭ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজ গত ২০০৭-০৮ অর্থবছরে শেষ হয়। কিন্তু এরই মধ্যে ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়া শুরু হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলার দুটি কক্ষের মধ্যে একটি কক্ষের মেঝের আস্তরণ উঠে গিয়ে বেশ কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হায়দার বলেন, এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইদুল ইসলাম বলেন, কিছু সময় বৃষ্টি হলেই ছাদ দিয়ে ফোঁটা ফোঁটা করে পানি শ্রেণীকক্ষের ভেতরে পড়তে শুরু করে। এ সময় নিরুপায় হয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয়।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসলাম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে কাজ শেষ না করায় দ্বিতল ভবনের বিভিন্ন স্থানে নানা সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার এ সমস্যার কথা জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তবে ঠিকাদার ফরিদ মিয়া বলেন, ভবন নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘শিক্ষার্থীদের এ দুর্ভোগের বিষয় অত্যন্ত দুঃখজনক। এ সমস্যা সমাধানে খুব শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও ওই ভবন নির্মাণকাজের তদারক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবন নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। কেন এ ধরনের সমস্যা হচ্ছে, সেটা না দেখে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, খুব শিগগির তিনি বিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমাকে কেউ এখনো জানায়নি। তবুও এ ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখব।’