ছাদ থেকে পড়ে ক্যাডেট কলেজ ছাত্রের মৃত্যু
রাজধানীর মীর হাজীরবাগে গতকাল শুক্রবার বিকেলে ছাদ থেকে পড়ে সাজ্জাদ হোসেন ওরফে অনিম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাজ্জাদের কয়েকজন বন্ধু বলে, মীর হাজীরবাগে এক বন্ধুর বাসায় তাঁদের ইফতারির দাওয়াত ছিল। ইফতারির সময় তারা বাসার ছাদে হাঁটাহাঁটি করছিল। একপর্যায়ে সাজ্জাদ পাঁচতলার সিঁড়ি বরাবর থাকা প্লাস্টিকের টিনে ওঠে। তখন সে টিন দোতলায় পড়ে যায়।
সাজ্জাদের মামা মো. রশিদ হাসপাতালে সাংবাদিকদের জানান, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সাজ্জাদ সিলেট ক্যাডেট কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। সাজ্জাদ কলেজ ছুটিতে মিরপুর মণিপুরের বাসায় এসেছিল। গতকাল দুপুরে সে গেন্ডারিয়ার মীর হাজীরবাগে এক বন্ধুর বাসায় ইফতারির দাওয়াত আছে বলে মায়ের কাছ থেকে গাড়ি ভাড়ার টাকা নেয়। সাজ্জাদ মাকে জানায়, সেখানে তার অন্য বন্ধুরাও যাবে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে গেন্ডারিয়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাস্থল গেন্ডারিয়া থানার আওতায় পড়েনি।
পরে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বলেন, তিনজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে ঘটনাস্থল এখনো শনাক্ত করা যায়নি। তাই কোন থানার অধীনে তা জানা যায়নি। হাসপাতালেও এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।