ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ মুগদায় একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শাহিনুর আক্তার (৩৬)। স্বামী সাজ্জাদ কবিরের সঙ্গে দক্ষিণ মুগদায় ওই চারতলা ভবনে থাকতেন তিনি।
আজ সকাল আটটার দিকে শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বোনের স্বামী রফিকুল ইসলাম। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলামের ভাষ্য, প্রতিদিনের মতো আজ সকালে বাসার ছাদে থাকা গাছে পানি দিতে যান শাহিনুর। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, শাহিনুরের লাশ মর্গে রাখা হয়েছে।