চট্টগ্রাম নগরের কলসি দিঘিরপাড় এলাকায় মায়া আক্তার (২২) নামের এক পোশাকশ্রমিককে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ইদ্রিস আলী নামের মায়ার এক বন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মায়া আক্তারের বাড়ি বাঁশখালীতে। তিনি সিইপিজেডের রিজেন্সি ফ্যাশন নামে একটি কারখানায় কাজ করতেন। দুজনই কলসি দিঘিরপাড়ে দুটি পৃথক বাসায় ভাড়া থাকতেন। ইদ্রিসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ইদ্রিসের বাড়ি বাগেরহাটে। ইদ্রিসও ইপিজেডের অপর একটি কারখানায় কাজ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মায়া কলসি দিঘিরপাড়ের পাঁচতলায় ইদ্রিসের বাসায় আসেন। এরপর তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। এ সময় ইদ্রিস অস্বীকৃতি জানান। একপর্যায়ে রাত ১২টার দিকে বিকট শব্দে মায়া পাঁচতলা থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বন্দর অঞ্চল পুলিশের এডিসি মনজুর মোরশেদ বলেন, ‘পরিবারের দাবি, ইদ্রিস তাঁকে পাঁচতলা থেকে ফেলে হত্যা করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’