ছাদ থেকে পড়ে মারা গেল তিন বছরের শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন বছর বয়সের শিশু রাজন ভালোবেসে ফেলেছিল ফুপু সালমা খাতুনকে। এসএসসি পরীক্ষার্থী সালমা বাড়ি থেকে ১০০ গজ দূরে এক ছাদে পড়ালেখা করছিল। শিশু রাজন ফুপুকে খুঁজতে চলে যায় ওই ছাদে। হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় রাজন।
মারাত্মক আহত অবস্থায় রাজনকে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। ঘটনাটি গতকাল শনিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামের।
রাজন ওই গ্রামের কৃষিশ্রমিক মিন্টু মিয়ার ছেলে। তাঁর সাঈদ নামের পাঁচ বছরের আরেক সন্তান রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে ছাদে উঠে পড়ে যায় রাজন। বেলা ১টা ৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে প্রতিবেশীরা শোকাহত হয়ে পড়েছেন। আর সারাক্ষণ যে ফুপুর কোলে থাকত রাজন, সেই ফুপু কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন।
অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তেজপুর এলাকায় পদ্মা নদী থেকে গতকাল বিকেলে অজ্ঞাত এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) সায়েম জানান, এলাকাবাসী পদ্মা নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, গত রাতে কে বা কারা তাঁকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তাঁর পরনে একটি পেটিকোট ও একটি সোয়েটার ছিল। এ বিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।