ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের সঙ্গে উঠেছিল শারমিন জাহান নামে সাত বছর বয়সী এক শিশু। মা হালিমা বেগম কাপড় মেলাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ছাদ থেকে পা পিছলে পড়ে যায় শারমিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি শারমিনকে।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রাজধানী সূত্রাপুরের নারিন্দা এলাকায় ১৮/বি নম্বর বাসায়।
শারমিনের বাবা ব্যবসায়ী মো. জাহিদ হাসান সপরিবারে ওই বাসার ছয়তলার একটি ফ্ল্যাটে থাকেন। মা হালিমা বেগম একটি বেসরকারি স্কুলের শিক্ষক।
জাহিদ-হালিমা দম্পতির একমাত্র সন্তান শারমিন নারিন্দা এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণীতে পড়ত। মেয়েকে হারিয়ে শারমিনের মা-বাবা দুজনেই পাগলপ্রায়। ঢাকা মেডিকেলে তাঁরা দুজনেই শোকে নিস্তব্ধ হয়ে যান। মুহূর্তে এক দুর্ঘটনা যেন ছিনিয়ে নিয়েছে তাঁদের সব সুখ।
শারমিনের মামা মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, সকালবেলায় মা হালিমা ধোয়া কাপড় মেলাতে বাসার ছাদে যান। শারমিনও তার মায়ের পেছন পেছন ছাদে ওঠে। হালিমা কাপড় তারে মেলাচ্ছিলেন। এ সময় হঠাৎ শারমিন পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়।
বাসার ছাদের চারপাশে কোনো প্রাচীর (রেলিং) ছিল না উল্লেখ করে মোশারেফ আরও বলেন, শারমিনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সকাল নয়টার দিকে শারমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।