ছাদ থেকে পড়া সন্তানকে বাঁচাতে ঝাঁপ দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদ থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন বাবা। ফলাফল, দুজনই আহত। বাবা ও সন্তান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলো গ্রিস-প্রবাসী আতিকুর রহমান (৩৮) ও তাঁর একমাত্র সন্তান সাড়ে তিন বছরের আনিসা আক্তার।হাসপাতাল সূত্র জানায়, কয়েক মাস আগে আতিকুর গ্রিস থেকে দেশে ফিরে নিজেদের পুরোনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি তৈরির কাজ শুরু করেন। এ জন্য পাশেই একটি তিনতলা বাড়ির নিচতলার ফ্ল্যাট ভাড়া নেন। গতকাল বেলা ১১টার দিকে আতিকুর কাজ তদারকের জন্য শিশুসন্তান আনিসাকে নিয়ে ভাড়া বাড়ির ছাদে যান। হঠাৎ আনিসা ছাদ থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে ধরতে ঝাঁপ দেন আতিকুর। মেয়ে নিচে রাস্তায় ও বাবা সীমানা দেয়ালের ওপর পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।আনিসার মামা রোকনুজ্জামান সাংবাদিকদের বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে। অন্যদিকে আতিকুর ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন। নিছক দুর্ঘটনা বলে পুলিশকেও জানানো হয়নি।