জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে।হলের শিক্ষার্থীরা জানান, গতকাল শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী মুরাদুর রহমান (ইংরেজি বিভাগ, ৩৬তম ব্যাচ) বিকেল পাঁচটার দিকে হলের ছাদে গিয়ে মুঠোফোনে কথা বলছিলেন। কিছুক্ষণ পর ‘বি’ ব্লকের শিক্ষার্থীরা ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে গেলে মুরাদকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তাঁরা। শিক্ষার্থীরা তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। মুরাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। মুরাদের বাড়ি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায়। তাঁর বাবা গণি মিয়া বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, মুরাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।