ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, আরেকজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উত্তর খুলশী এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী নিহত ও আরেকজন আহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহপরিচারিকার নাম দিলদার বেগম (১৬)। আহতের নাম সানজীদা খাতুন (১৩)। দুজনই ওই ভবনের চারতলার বাসিন্দা আহমেদ নবীর বাসায় কাজ করত।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসার কাউকে পায়নি। আহমেদ নবীর গাড়ির চালক আহত দিলদার ও সানজীদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চলে যায়। পরে আরিফ নামে আহমেদ নবীর অফিসের এক কর্মী হাসপাতালে গেলে পুলিশ তাঁকে আটক করে। দুই গৃহপরিচারিকাকে ফেলে দেওয়া হয়েছে, নাকি তারা নিজেরা লাফিয়ে পড়েছে—পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি।