ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার নূরপুরের দক্ষিণ দনিয়া এলাকায় গতকাল শনিবার একটি বাসার ছাদ থেকে পড়ে মাহমুদুল ইসলাম (১৩) নামে মাদ্রাসার এক ছাত্র মারা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মাহমুদুল কদমতলী এলাকার তালিমুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে বাবা-মায়ের সঙ্গে দক্ষিণ দনিয়া এলাকার একটি চারতলা বাড়ির নিচতলায় থাকত। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সে ও তার বন্ধুরা ওই বাড়ির ছাদে ক্রিকেট খেলতে যায়। খেলার একপর্যায়ে বল নিচে পড়ে যেতে লাগলে মাহমুদুল তা ধরতে যায়। এতে সে ভারসাম্যহীন হয়ে পড়ে ছাদের রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শেখ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।সূত্র জানায়, মাহমুদুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কায়েনা গ্রামে। বাবা শহীদুল ইসলাম। চার ভাইয়ের মধ্যে সে ছিল বড়।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে পল্লবী এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় মো. রাসেল (১৬) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।