ছাদ থেকে পড়ে তিতাসের কর্মকর্তার মৃত্যু
রাজধানীর খিলগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
মনিরের স্বজনদের দাবি, ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। মনির হোসেন সপরিবারে দক্ষিণ বনশ্রী এলাকার ই ব্লকের একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। এই বাড়ির পাশেই মনির তাঁর এক আত্মীয়ের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনির হোসেনের ভাতিজা আলমাস হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কিছু ধার-দেনা ছিল তাঁর চাচার। দেনা শোধ করতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
খিলগাঁও থানায় উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, একটি অপমৃত্যুর মামলা করেছেন মনির হোসেন স্ত্রী নাসরিন সুলতানা। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।