ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর কলোনিতে একটি ভবনের ১২ তলার ছাদ থেকে পড়ে শিউলি আক্তার (১৬) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিউলি মিরপুর পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের বাসার গৃহকর্মী। লালবাগ থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের ৮২/ডি, আজিমপুর কলোনির সরকারি বাসা থেকে গৃহকর্মী শিউলি নিখোঁজ হয়। রাত ১২টার দিকে পাশের ভবনের ১২ তলার ছাদ থেকে পড়ে শিউলি নির্মাণাধীন ভবনের একটি রডের সঙ্গে বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে তিনটায় সে মারা যায়। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে জানান, কাজে অমনোযোগী থাকায় পুলিশ কর্মকর্তা শাহজাহান বুধবার শিউলিকে তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার করিমপুরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার এই কথা শোনার পর শিউলি নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।