ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদ থেকে পড়ে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শাহান শাহ আলমের একমাত্র ছেলে এস এম তানভীর আলম সৈকত (২৫) মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।তানভীর লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্টে অধ্যয়নরত ছিলেন। দুই মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন।পরিবার সূত্র জানায়, সদর উপজেলার চেয়ারম্যান ও টঙ্গী থানা বিএনপির সভাপতি এস এম শাহানশাহ আলমের স্থায়ী বাড়ি টঙ্গী বাজার এলাকায়। তবে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ভাড়া থাকতেন উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর সড়কে ১৯ নম্বর বাড়ির চতুর্থ তলায়। গতকাল বিকেল চারটায় ছয়তলা ভবনের ছাদে ওঠেন তানভীর। সেখানে হাঁটাহাঁটির একপর্যায়ে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।পরে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তানভীরের অকালমৃত্যুতে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিন, স্থানীয় সাবেক কাউন্সিলর মো. আবুল হোসেন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।