ছাদ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর শনির আখড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. জসিম (৪৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সকালে পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালে স্বজনেরা জানিয়েছেন, শনির আখড়ার স্বপন মৃধা সড়কে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে রড তুলছিলেন জসিম। সকাল সাড়ে নয়টার দিকে চারতলা থেকে তিনি পা ফসকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। শনির আখড়ার হাজি মসজিদ এলাকায় থাকতেন জসিম। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।