ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় একটি ভবনের ছয়তলার ছাদ থেকে পড়ে এক বছর দুই মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম নিধি। সে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদের মেয়ে। মোস্তাক রামু উপজেলায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বিমানবন্দর সড়কের সবুজবাগ এলাকার মালেক টাওয়ার নামের একটি ভবনের ছয়তলার চিলেকোঠায় ভাড়া থাকে মোস্তাকের পরিবার। শনিবার দুপুর ১২টার দিকে মোস্তাকের বড় মেয়ে নীলিমা আহমেদ স্কুল থেকে বাসায় যায়। নীলিমা পঞ্চম শ্রেণিতে পড়ে। তার মা শিরিন আকতার রান্নায় ব্যস্ত থাকায় বড় মেয়ের কোলে ছোট মেয়েকে তুলে দেন। দুই মেয়েকে ছয়তলার ছাদে খেলতে বলেন মা। ছোট বোনকে নিয়ে ছাদের রেলিংয়ের ওপর বসিয়ে আদর করছিল নীলিমা। অসতর্কতাবশত রেলিং থেকে নিচে ছিটকে পড়ে নিধি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর শুনেই অজ্ঞান হয়ে যান মা শিরিন আকতার। তাঁকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোস্তাকের তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটিই মারা গেছে।