ছাদ থেকে ফেলে নারীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুরের ১০ নম্বরের ডি-ব্লকের একটি বাড়ির সামনে থেকে আজ শনিবার দুপুরে হাত বাঁধা অবস্থায় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে ফেলে ওই নারীকে হত্যা করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-ব্লকের ২৪ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়ির সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়ির ছাদে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। তাঁর দুই হাত বাঁধা ছিল। পরনে ছিল লাল রঙের সালোয়ার ও নীল কামিজ। তাঁর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানান, দুপুরে তাঁর স্ত্রী স্কুল থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে ২৬ নম্বর বাড়ির সামনে এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ ঘটনা তিনি ফোন করে পুলিশ কর্মকর্তাদের জানান। পরে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ২৬ নম্বর বাড়ির ছাদ থেকে ফেলে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।