ছাদ থেকে লাফ দিয়েও বেঁচে গেলেন
পাঁচতলা ভবনের ছাদের কোনায় দাঁড়িয়ে ছেলেটি নাচছে। শার্টের বোতাম খুলছে। তাঁকে দেখে ভবনের নিচে মানুষ জমে গেছে। কেউ তাঁকে ছাদের কোনা থেকে সরে যেতে বলছেন, কেউ লাফ দিতে নিষেধ করছেন আর কেউ চিৎকার করছেন। একপর্যায়ে লোকজন বড় মাদুর নিয়ে এসে নিচে পেতে ধরেন। শেষ পর্যন্ত ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মাদুরের ওপর পড়ে বেঁচে যান তিনি।
আজ শুক্রবার সকালে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। লাফ দিয়ে পড়া যুবক ঢাকা কলেজ কর্মচারী ইউনিয়নের এক নেতার ছেলে বলে জানিয়েছে নিউমার্কেট থানার পুলিশ। পুলিশ জানায়, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে। তবে নিচে মানুষ মাদুর পেতে ধরায় পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েও তিনি তেমন আঘাত পাননি। তাঁকে চিকিৎসা দিচ্ছে তাঁর পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ছেলেটিকে হাসপাতালে নিয়ে এসেছিল তার পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৪ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও। পাশের একটি বহুতল ভবন থেকে তোলা ওই ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট পরা ছেলেটি ছাদের একেবারে কোনায় গিয়ে নাচছে। নিচ থেকে মানুষের চিৎকার করছে। যিনি ভিডিও করছেন, তিনিও ছেলেটির জন্য উদ্বিগ্ন হয়ে পাশের জনের সঙ্গে কথা বলছেন। নাচতে নাচতে শার্টের বোতাম খোলা শুরু করেন যুবক। একপর্যায়ে শার্ট খুলে হাতে নিয়ে মুচড়ে নিচে ছুড়ে ফেলেন। নিচ থেকে মানুষের চিৎকার বেড়ে যায়। একপর্যায়ে নিচে থাকা লোকজন বড় মাদুর পেতে ধরেন। এ সময়ই কয়েকজন যুবক ছাদে উঠে তাঁকে ধরতে যান। তখনই লাফ দেন তিনি। নিচে পেতে রাখা মাদুরের ওপর পড়ায় বেঁচে যান।