ছাদ থেকে লাফিয়ে পড়ছে কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাদ থেকে লাফিয়ে পড়ছে এক কিশোর (গোল চিহ্নিত)। নিচে মাদুর ধরে আছে লোকজন
ছাদ থেকে লাফিয়ে পড়ছে এক কিশোর (গোল চিহ্নিত)। নিচে মাদুর ধরে আছে লোকজন

পাঁচতলা ভবনের ছাদের কোনায় দাঁড়িয়ে নাচছে এক কিশোর। শার্টের বোতাম খুলছে। তাঁকে দেখে ভবনের নিচে মানুষ জমে গেছে। কেউ তাঁকে ছাদের কোনা থেকে সরে যেতে বলছেন, কেউ লাফ দিতে নিষেধ করছেন আর কেউ চিৎকার করছেন। একপর্যায়ে লোকজন বড় মাদুর নিয়ে এসে নিচে পেতে ধরেন। শেষ পর্যন্ত ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মাদুরের ওপর পড়ে বেঁচে যায় এই কিশোর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৪ মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিও।
গতকাল দুপুরে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। লাফ দিয়ে পড়া যুবক ঢাকা কলেজ কর্মচারী ইউনিয়নের এক নেতার ছেলে বলে জানিয়েছে নিউমার্কেট থানার পুলিশ। পুলিশ জানায়, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবার জানিয়েছে। তবে নিচে মানুষ মাদুর পেতে ধরায় পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েও তিনি তেমন আঘাত পাননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুরের দিকে ছেলেটিকে হাসপাতালে নিয়ে এসেছিল তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট পরা কিশোর ছাদের একেবারে কোনায় গিয়ে নাচছেন। নিচ থেকে মানুষের চিৎকার করছে। যিনি ভিডিও করছেন, তিনিও ছেলেটির জন্য উদ্বিগ্ন হয়ে পাশের জনের সঙ্গে কথা বলছেন। নাচতে নাচতে শার্টের বোতাম খোলা শুরু করে ছেলেটি। একপর্যায়ে শার্ট খুলে হাতে নিয়ে মুচড়ে নিচে ছুড়ে ফেলেন। নিচ থেকে মানুষের চিৎকার বেড়ে যায়। নিচে থাকা লোকজন পাশের মসজিদ থেকে বড় মাদুর এনে তা পেতে ধরেন।