ছাদ থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি পোশাক কারখানার সপ্তম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম জোসনা আক্তার। টেক্স ইউরোপ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই কারখানার শ্রমিক ছিলেন।এ ঘটনায় জোসনার স্বামী সামসুল হককে কারখানা থেকে আটক করে পুলিশ। কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার গাংজর হলদিবাড়ি এলাকার সামসুল হক গত মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাজীপাড়া গ্রামের জোসনাকে বিয়ে করেন। গতকাল সকালে তাঁরা দুজনই কারখানায় যান। যথারীতি কাজেও যোগ দেন। এটি ছিল সামসুলের (৩০) দ্বিতীয় বিয়ে। আগের ঘরে সামসুলের একটি মেয়ে রয়েছে। তাঁরা সদর উপজেলার চান্দনা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী প্রায় নয় মাস আগে খাগড়াছড়ি জেলায় তাঁর বাবার বাড়িতে চলে যান।জোসনার সহকর্মী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে খবর আসে সামসুলের প্রথম স্ত্রী আবার বাসায় ফিরে এসেছেন। এ খবর শোনার পর জোসনাকে খুব ভেঙে পড়তে দেখা যায়। এর কিছুক্ষণ পরই তিনি কাজ ফেলে উধাও হন। এরপর জোসনা ছাদ থেকে লাফিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আটক সামসুল বলেন, ‘জোসনার এর আগেও বিয়ে হয়েছিল। আমার আগের স্ত্রী-সন্তানের কথা তাকে জানিয়েছিলাম। সবকিছু জেনেই জোসনা বিয়েতে রাজি হয়। গত মঙ্গলবার জোসনাদের বাসায় আমাদের বিয়ে হয়। কিন্তু কেন সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল, বুঝতে পারছি না।’জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি আত্মহত্যা।