ছাদ ধসে স্কুলছাত্রীর মৃত্যু

খুলনায় কয়েক দিনের টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরের আহসান আহমেদ রোডের ৫১ নম্বর বাড়ির একটি দ্বিতল ভবনের ছাদের একাংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে।
আবিদা আরিফিন ওই বাড়ির মালিক ইমাদুল হাকিমের মেয়ে। সে সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিতল ভবনের নিচতলার দুটি কক্ষে ইমাদুল হাকিম সপরিবারে বাস করতেন। শনিবার ভোরে সেহ্রি খেয়ে ছেলে ফয়সালকে নিয়ে তিনি একটি কক্ষে ও কন্যা আবিদাকে নিয়ে তাঁর স্ত্রী সোহেলী হাকিম অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে দ্বিতল ভবনের মাঝ বরাবর দ্বিতীয় তলার ছাদ ধসে নিচতলার ছাদের ওপর পড়লে সেটিও ধসে আবিদার ওপর পড়ে। আবিদার মা ঘটনার কিছুক্ষণ আগে কক্ষের বাইরে গিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে দেখা যায়, বাড়িটির অবস্থা খুবই জরাজীর্ণ। বারান্দার ছাদের ভেতরের দিকের অংশ থেকে পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে গেছে। প্রাচীরের গায়ে জমেছে শ্যাওলা। কার্নিশে ও ভবনের কোনায় বেশ কয়েকটি বটগাছ বেড়ে উঠেছে। আবিদার চাচা রাজীব আহমেদ কবীর বলেন, বাড়িটির বয়স আনুমানিক ৬০-৬৫ বছর।