
বরিশাল জেনারেল হাসপাতাল সংস্কারে গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কেউ দায়িত্ব নিচ্ছে না। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে এক্স-রে যন্ত্রসহ মূলবান যন্ত্রপাতি। পানি পড়ার কারণে সরিয়ে নেওয়া হয়েছে মহিলা মেডিসিন ওয়ার্ড। সংস্কারের তাগিদ দেওয়া হলেও দীর্ঘদিন সংস্কার হচ্ছে না।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, বরিশাল জেনারেল হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের অংশ। এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব গণপূর্ত বিভাগের। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি, ২৫০ শয্যার নিচের হাসপাতালের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। দুই দপ্তরের টানাটানিতে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, এক্স-রে কক্ষের ওপরের পলেস্তারা খসে পড়ছে। ছাদ থেকে পানি পড়ে মেঝেতে জমে আছে। পানি পড়তে দেখা গেছে অস্ত্রোপচার কক্ষের ছাদ থেকেও। ছাদ চুইয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রাপাতি। বরিশালের একমাত্র ডায়রিয়া ওয়ার্ডের (মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড শুধু শিশুদের) ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পুরুষ সার্জারি ওয়ার্ডের স্যানিটারি পাইপ ও ছাদ ফাটা। ময়লা-আবর্জনা পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রশাসনিক ভবন, ইমারজেন্সি ভবন, ডায়রিয়া বিভাগ এবং অপারেশন থিয়েটারের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হচ্ছে চিকিৎসক এবং রোগী। এক্স-রে কক্ষের পলেস্তারা খসে মেশিন অকেজো হয়ে যাচ্ছে। একাধিকবার ভবন সংস্কারের জন্য আবেদন-নিবেদন করেও কাজ হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক বলেন, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এর কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে এটি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অধীনে রয়েছে। তাই এই হাসপাতালের উন্নয়নে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বরাদ্দ এলেও ওই অর্থ মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও সংস্কারে ব্যয় করা হয়।
হাসপাতালের ওয়ার্ডমাস্টার মো. নূর হোসেন বলেন, পুরুষ সার্জারি বিভাগের পাইপ ফেটে ময়লা পড়ছে। অপারেশন থিয়েটারে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।
পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি বাকেরগঞ্জ উপজেলার রোগী মো. আলতাফ হোসেন বলেন, ‘সকালে বাথরুমে গিয়েছিলাম। হঠাৎ ওপর থেকে ময়লা পড়েছে। পরে গোসল করতে হয়েছে।’
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের অধিকাংশ ভবনের ছাদ দিয়ে পানি পড়ে। গণপূর্ত বিভাগে একাধিকবার সংস্কারের জন্য আবেদন করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। সর্বশেষ মে মাসে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।
গণপূর্ত বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, বরিশাল জেনারেল হাসপাতালটি মূলত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে। তাই গণপূর্ত বিভাগ সংস্কারের উদ্যোগ নিতে পারছে না। ২৫০ শয্যার নিচের হাসপাতাল রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশারের নির্বাহী প্রকৌশলী এফ এম মুরশীদ বলেন, যেহেতু জেনারেল হাসপাতালটি বরিশাল মেডিকেলের সঙ্গে তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। আমাদের দপ্তর কখনো এর সংস্কার করেনি।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের পরিচালক কামরুল ইসলাম বলেন, নানা সমস্যার কথা আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন। জেনারেল হাসপাতালের বরাদ্দের অর্থ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার হচ্ছে—এটা ঠিক নয়। মূলত এর সংস্কারের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।