ছাদ মেরামত করল ঠিকাদারি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টার্মিনাল ভবনের ছাদের ফাটল মেরামত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তরের তিন মাসের মাথায় ছাদে ওই ফাটল দেখা দিয়েছিল। এতে বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ত।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আরজু জানান, প্রধান প্রকৌশলীর নির্দেশে কারিগরি ত্রুটি সেরে ছাদের সংস্কার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ের পূর্ত বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলাম জানান, স্টেশন ভবনের ছাদের ত্রুটি সারানো হয়েছে। চলতি মাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একাধিকবার নিরীক্ষা করা হয়েছে। এখন আর ছাদ চুইয়ে পানি পড়ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন ইন্টারন্যাশনাল ২০১৩ সালে পার্বতীপুর রেলস্টেশনের সংস্কারকাজ শুরু করে। স্টেশনের টার্মিনাল ভবনে ৩০০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট চওড়া ছাদটি ভেঙে রড-সিমেন্ট দিয়ে তা নতুনভাবে ঢালাই করা হয়। এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা ভবনটি হস্তান্তরের তিন মাসের মাথায় ছাদে ফাটল দেখা দেয়।
এ নিয়ে ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পার্বতীপুর রেলস্টেশনের টার্মিনাল ভবন/সংস্কারের তিন মাসের মাথায় ছাদে ফাটল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।