ছাদবাগানেই শিশুদের বিনোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁপেগাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন আমিনুল ইসলামের স্ত্রী নূর আফরোজ l প্রথম আলো
পেঁপেগাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন আমিনুল ইসলামের স্ত্রী নূর আফরোজ l প্রথম আলো

ঘরোয়া উপায়ে দুই শিশুসন্তানের বিনোদন নিশ্চিত করা নিয়ে বাবা আমিনুল ইসলাম খুবই দুশ্চিন্তায় ছিলেন। শিশুরা কেবল টেলিভিশনে কার্টুন দেখবে আর ভিডিও গেমস খেলবে, এটা তিনি চাইতেন না। অনেক ভেবে চারতলা বাড়ির ছাদে বাগান করার সিদ্ধান্ত নেন। ছাদ পরিষ্কার করেন। মেয়েকে সঙ্গে নিয়ে মাটি, টব, জার, ড্রাম, গাছের চারা, বীজ ও জৈব সার কেনেন। ছাদবাগান শুরু করেন।
শান্তিনগরের চামেলীবাগ এলাকায় এক বাড়ির ছাদে বাগান গড়ে তোলার পেছনের গল্পটা এমন। দুই বছরের মাথায় নানা প্রজাতির গাছে বাগানটি ভরে গেছে। এখন আমিনুল ইসলামের সন্তানেরা বাগানেই খেলাধুলা করে, ঘুরে বেড়ায়। অবসরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগানের যত্ন নেয়। দৈনন্দিন কাজের বাইরে এটাই তাদের প্রধান বিনোদন।
গত সপ্তাহের শনিবার ওই বাড়ির ছাদে গিয়ে দেখা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে সাড়ে পাঁচ বছর বয়সী জাহরা জান্নাত তার মামার সঙ্গে বাগান পরিচর্যা করছে। দুপুরের প্রবল বাতাসে কয়েকটি ঝাঁকড়া গাছ টবসুদ্ধ উল্টে পড়ে গেছে। সেগুলোই মামা-ভাগনি মিলে নির্দিষ্ট জায়গায় তুলে রাখছে। ভেঙে যাওয়া শাখা-প্রশাখা ছাঁটছে। টবে জমে থাকা পানি ফেলে দিচ্ছে।
গাছে ফুল এলে জাহরা জান্নাত খুশি হয়। সে বলে, ‘আমাদের বাগান অনেক সুন্দর। বাবার সঙ্গে নার্সারি ঘুরে ঘুরে আমরা বীজ কিনি, গাছ কিনি। গাছের গোড়ার মাটি খুলে দিই, সার দিই, পানি দিই। শুকনো পাতা ফেলে দিই। ফল তুলে খেতেও আনন্দ লাগে। বিকেলে আমরা এই বাগানেই খেলা করি।’
বাগানের আয়তন প্রায় ১ হাজার ২০০ বর্গফুট। আছে ফলদ, ঔষধি ও সবজির সমারোহ। সেখানকার পেয়ারা, কমলালেবু, কাগজি লেবু, মাল্টা, ডালিম, বিলিম্বি ও আমড়াগাছে থোকা থোকা ফল ঝুলছে। কামরাঙা, পেঁপে, দোলনচাঁপা, সফেদা ও করলাগাছে নতুন ফুল এসেছে। আরও আছে কচু, মেটে আলু, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ওলকচু, ঢ্যাঁড়স, আঙুর, আম, লিচু, পেয়ারা, জলপাই, কতবেল, জামরুল, জাম্বুরা, কলা, এলাচ, তেজপাতা, ক্যাকটাস, পাতাবাহার, মেহেদি, বেলি ফুল, হাসনাহেনাসহ নানা প্রজাতির গাছ। বাগানের অধিকাংশ ফল গাছই বারোমাসি। মাঝেমধ্যে বাগানের সবজি ও ফল তুলে ঢাকায় বসবাসরত স্বজনদের বাড়িতেও পাঠানো হয়।
বাগান সম্পর্কে আমিনুল ইসলামের স্ত্রী নূর আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছেলে আয়ান ইসলামের বয়স চার বছর। সে-ও তার বোনের সঙ্গে বাগান দেখাশোনা করে। ওরা প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে, এটা আমাকে মুগ্ধ করে। বাচ্চারা বাগান করে আনন্দ পাচ্ছে, গাছ চিনছে, ফল পেড়ে খাচ্ছে। বাগানের প্রতি ওরা অনেক আন্তরিক। দায়িত্ব বুঝতে শিখছে। মানসিক বিকাশ স্বাভাবিক হচ্ছে।’
বাগানের এক পাশে রয়েছে দেশি মুরগির খামার। তাতে ১১টা মুরগি আছে। কয়েক মাস আগে মুরগি পালন শুরু করেছেন আমিনুল ইসলাম। পাশাপাশি পাখি পালনের পরিকল্পনা করছেন।