ছাদে অক্সিজেনের কারখানা

গাছে ধরে আছে তেঁতুল, আম, আমড়া, কতবেল, জাম্বুরা প্রভৃতি ফল। রয়েছে বাহারি প্রজাতির ফুল। পালং, মুলা, করলা, বেগুন, পুঁইশাকসহÑ শীতকালীন সবজিও রয়েছে। ফুল, ফল আর সবজির এই বাগান চারতলা বাড়ির ছাদে।
কুষ্টিয়া শহরের টালিপাড়ায় হাসপাতাল মোড়ে এম ভূঁইয়া সড়কের একটি বাড়ির ছাদে তিন বছর ধরে এমন বাগান গড়ে তুলেছেন এক শিক্ষক দম্পতি। তাঁরা হলেন কুষ্টিয়া সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আজমল গনি ও তাঁরা স্ত্রী কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিজিয়া সুলতানা।
গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, ছুটির দিনে এই দম্পতি গাছের যত্ন নিচ্ছেন। চারতলার শোয়ার ঘরের পাশেই খোলা বারান্দা। সেখানে টবে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল। মর্নিং গ্লোরি, বেলি, হাসনাহেনা, দোপাটি, হরেক রকমের ঘাসজাতীয় গাছ, চীনা বাঁশ, বিভিন্ন রঙের গোলাপ, দোলনচাঁপাসহ প্রায় ৫০ ধরনের ফুল। ছাদে সবজির বাগান। তাতে রয়েছে লাউ, ঝিঙে, বাঁশের মাচায় করলা, মরিচ, লতানো পুঁইশাক, মুলা, ঢ্যাঁড়স ও বেগুন। এ ছাড়া ওলকপি, ব্রকলি ও ফুলকপি লাগানো হয়েছে।
ছাদের এক পাশে চিলেকোঠা। এর চারপাশে শোভা পাচ্ছে ফলদ গাছ। সেখানে আছে হাইব্রিড তেঁতুলগাছ। পাশেই আম, আমড়া ও কতবেলের গাছ। জাম্বুরাগাছে বড় আকারের একটি ফলও চোখে পড়ল। আম্রপালিসহ বারোমাসি আমের গাছও রয়েছে। আছে সফেদা, জলপাই, মেওয়া, কামরাঙা, বাতাবি লেবু, মাল্টা, জামরুল, পেয়ারাগাছ।
আজমল গনি বলেন, বাড়ির ছাদ তৈরি করা হয়েছে গাছ লাগানোর উপযোগী করে। পানিনিষ্কাশন, চারা রোপণ—সবকিছুর জন্য আছে বিশেষ ব্যবস্থা। সবজি আবাদে কীটনাশক ব্যবহার করা হয় না। গাছের জন্যও কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। গোবর সার ব্যবহার করা হয়। ছাদে উৎপাদিত ফল ও সবজিতে নিজেদের প্রয়োজন তো মিটছেই; আত্মীয়স্বজনদেরও দেওয়া হয়।
রিজিয়া সুলতানা বলেন, বিয়ের আগে বাড়িতে বাগান ছিল। তাঁর বাবার বাগান করার খুব শখ ছিল। ১৯৯২ সালে বিয়ের পর কুষ্টিয়া এসে দেখেন শ্বশুরবাড়ির আঙিনাতেও বাগান। চার বছর আগে বাড়ি তৈরি করা হলে ছাদে বাগান গড়ে তোলেন। বাগানে প্রথম সংগ্রহ ছিল বনসাই বটের গাছ। সেটি আজও শোয়ার ঘরের বারান্দায় শোভা পাচ্ছে। তাঁদের বাগানে ফুল, ফলসহ সব মিলিয়ে মোট গাছ আছে দুই শতাধিক। বিভিন্ন মৌসুমি সবজির চাষ তো রয়েছেই।
এই দম্পতির একমাত্র সন্তান ফারজাদ গনি আজমী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। গাছের যত্নœও পরিচর্চা করে তাঁদের সময় কেটে যায়। সামনে এই বাগান আরও বড় করার ইচ্ছা তাঁদের। তাঁরা বলেন, ছাদে বাগান শুধু সবুজ আনে না, ভবনের তাপমাত্রা কমায়। প্রতিটি ঘরের বারান্দায় ও ফাঁকা জায়গায় অর্কিড ও ২০০টি গোলাপ চারা লাগানো হবে। কোনো জায়গা ফাঁকা রাখবেন না। ছাদ হয়ে উঠবে অক্সিজেনের ছোট্ট কারখানা।