
রাঙামাটি সদর উপজেলার উত্তর কুতুকছড়ি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটি চার মাস আগে পাহাড়ধসে বিধ্বস্ত হয়। ধস থেকে রক্ষা পাওয়া ভবনটিতে কক্ষ রয়েছে মাত্র দুটি। এর একটি শিক্ষক মিলনায়তন, অন্যটি শ্রেণিকক্ষ। এই একটি কক্ষে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের ১৫২ জন শিক্ষার্থীর পাঠদান অসম্ভব হয়ে পড়ে। পরে গত জুলাই মাসে এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ভবনের ছাদে ত্রিপল টানিয়ে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়। এরপর থেকে শিক্ষার্থীদের সেখানেই পাঠদান চলছে।
গত ১৩ জুনের পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি এখনো মেরামত হয়নি। এর মধ্যে ছাদের ওপর লাগানো ত্রিপল ছিঁড়ে গেছে। বৃষ্টি হলে ছেঁড়া ত্রিপল দিয়ে নিচে পানি পড়ে চেয়ার-টেবিল ভিজে যায়। ক্লাস চলার সময় বৃষ্টি এলে ভিজতে হয় শিক্ষার্থীদের। আবার রোদ উঠলে প্রচণ্ড গরমে তেতে ওঠে ত্রিপলের নিচের অস্থায়ী শ্রেণিকক্ষটি। গরমে তখন হাঁসফাঁস অবস্থা হয় শিশুদের।
কেবল এই বিদ্যালয় নয়, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি জেলার ৬০টি বিদ্যালয়ের কোনোটিই এখনো সংস্কার হয়নি। এর মধ্যে ২০টি বিদ্যালয় উত্তর কুতুকছড়ি প্রাথমিক বিদ্যালয়ের মতোই বেহাল। পাহাড়ধসের ক্ষত নিয়েই বিদ্যালয়গুলোতে চলছে পাঠদান।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৬১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৬০টি বিদ্যালয়ের মধ্যে ২০টি বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাকি ৪০টি বিদ্যালয়ের টিউবওয়েল, শৌচাগার কিংবা শ্রেণিকক্ষের ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের মধ্যে রাঙামাটি সদরে রয়েছে আটটি, কাপ্তাইয়ে চারটি, লংগদুতে একটি, জুরাছড়িতে পাঁচটি ও বিলাইছড়িতে দুটি।
সম্প্রতি উত্তর কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিধ্বস্ত ভবনটি এখনো আগের মতোই রয়েছে। ধসে পড়া মাটি এখনো সরানো হয়নি। অন্য ভবনের ছাদের ত্রিপল টানানোর জন্য ব্যবহার করা বাঁশ নড়বড়ে অবস্থায় রয়েছে। ছেঁড়া ত্রিপলের নিচে ছাদে পানি জমে স্যাঁতসেঁতে হয়ে আছে।
এই বিদ্যালয়ের ১৫২ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন চারজন শিক্ষক। পাহাড়ধসে বিদ্যালয়টির ২০ জোড়া টুল-বেঞ্চসহ বিভিন্ন আসবাব নষ্ট হয়ে গেছে বলে জানান প্রধান শিক্ষক আমিনা তাহিতি। তিনি প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলে পাঠদানে খুব সমস্যা হয়। গরমেও কষ্ট পায় শিক্ষার্থীরা।
সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মৌনতলা সূর্য কুমার কার্বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। সেখানে বিদ্যালয় ভবনের একটি কক্ষে এখনো পাহাড়ধসের মাটি রয়েছে। বিদ্যালয়টির টিউবওয়েল ও শৌচাগারও মাটিচাপা পড়ে আছে।

সূর্য কুমার কার্বারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি রঞ্জন চাকমা বলেন, পাহাড়ধসে পুরো বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এলাকাবাসীর সহায়তায় তিনটি শ্রেণিকক্ষ থেকে মাটি সরানো হয়েছে। শৌচাগার ও টিউবওয়েল উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।
সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা দপ্তর জেলা পরিষদের কাছে হস্তান্তর করার পর এই প্রতিষ্ঠানও শিক্ষা খাতে নানা উন্নয়নকাজ করে। তবে দুই প্রতিষ্ঠানের কোনোটিই ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সংস্কার করেনি।
ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কার না করায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রওশন আলী। তিনি বলেন, বিদ্যালয় ভবন নির্মাণ ও সংস্কারের জন্য তাঁরা জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করেছেন।
বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার করা হবে বলে জানান রাঙামাটি সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নয়েম্বর চাকমা।
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত আটটি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য রাঙামাটি জেলা পরিষদ থেকে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, অন্য প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য পরিষদের কাছে আবেদন করেনি।