ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ধরেছে ফাটল। দরজা-জানালা ভাঙা। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। এ করুণ অবস্থা খুলনার বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের। এ রকম ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শতাধিক শিক্ষার্থী।বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯২২ সালে ছয়ঘরিয়া গ্রামে জগন্নাথ বিশ্বাসের দেড় একর জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৬ সালে তিন লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ বিদ্যালয়ের জন্য একতলা ভবন নির্মাণ করে। এ ভবনে চারটি কক্ষ আছে। এর মধ্যে একটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বাকিগুলো শ্রেণীকক্ষ। মাত্র ১০ বছর পরই এ ভবনের ছাদে ফাটল ধরেছে এবং ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এখানে শিক্ষক চারজন ও শিক্ষার্থী ১৩৪ জন।সরেজমিনে দেখা গেছে, কার্যালয় ছাড়া বিদ্যালয়ের সবগুলো দরজা ও জানালা ভাঙা। কক্ষের মেঝে স্যাঁতসেঁতে। শিক্ষার্থীদের মাথার ওপর থেকে পলেস্তারা খসে পড়ছে। পঞ্চম শ্রেণীর রাজিব ফারাজী বলে, ‘ক্লাস করার সময় আতঙ্কে থাকি, কখন ইট-সিমেন্টের চাঁই ভেঙে মাথার ওপর পড়বে।’ চতুর্থ শ্রেণীর শাওন মণ্ডল বলে, বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। তা ছাড়া দরজা-জানালা না থাকায় বৃষ্টির পানি সহজেই শ্রেণীকক্ষে ঢোকে। তৃতীয় শ্রেণীর সন্দিপ রায় চৌধুরী বলে, ব্ল্যাকবোর্ডগুলো ভেঙে গেছে। তা ছাড়া ছাদ ভেঙে বালু ও খোয়া পড়ায় শ্রেণীকক্ষ সব সময় নোংরা থাকে।সহকারী শিক্ষক তানজিনা পারভিন জানান, অভিভাবকেরা বিদ্যালয়ে এসে ভবনের অবস্থা দেখে ছাত্র ভর্তি করাতে ভয় পান।প্রধান শিক্ষক আরতি মণ্ডল বলেন, ‘ভবনটির দুরবস্থা তুলে ধরে নতুন ভবন করার জন্য গত বছর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল আলম বলেন, ‘ভবনের দুরবস্থা দেখে সংস্কারের জন্য তিন লাখ টাকা বরাদ্দ করেছিলাম। কিন্তু এলাকাবাসী সংস্কার না চেয়ে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে। তাই ওই বরাদ্দ বাতিল করে নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে লিখে পাঠাব। আশা করছি, আগামী অর্থবছরে কাজ হবে।’