ছাদে বাগান বাধ্যতামূলক করে নীতিমালা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আলোচকেরা বলেছেন, শহরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং বিষমুক্ত সবজি পেতে বাড়ির ছাদে বাগান করাকে বাধ্যতামূলক করে নীতিমালা প্রণয়ন জরুরি।
গতকাল বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট (বিজিআরএম) আয়োজিত এক আলোচনা সভায় আলোচকেরা এ কথা বলেন। পবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচকেরা ছাদে বাগানের গুরুত্ব তুলে ধরে বলেন, ছাদে বাগান করার মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। জার্মানিতে ১২ শতাংশ ছাদ ‘সবুজ’ এবং টোকিও আইনে সব নতুন ছাদে অন্তত ২০ শতাংশ সবুজ হতে হবে। টোকিও সরকারের হিসাব অনুযায়ী, যদি তাদের অর্ধেক ছাদ সবুজ হয়, তাহলে প্রতিদিন এয়ার কন্ডিশনে ব্যবহৃত জ্বালানি বাবদ এক মিলিয়ন ডলার সাশ্রয় হবে। সভায় সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের ছাদে বাগান করার কারণে কী সুফল পাওয়া যাচ্ছে তা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।