ছাদে বাজ পড়ে প্রাণ গেল দুই কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর ও পৌর এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনজনের মৃত্যু হয়েছে।

এই তিনজন হলেন হেমায়েতপুর এলাকার দুই কিশোর শাহ পরান (১৭) ও নাহিদ (১৭) এবং পৌর এলাকার আসাদুল (৩২)।

নাহিদের খালা লাভলি আক্তার প্রথম আলোকে বলেন, নাহিদ ও শাহ পরান সম্পর্কে মামা-ভাগনে। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। এই দুজন তাঁর বাসায় বেড়াতে এসেছিল। আজ বেলা একটার দিকে বাসার ছাদে বৃষ্টিতে গোসল করতে যায় তিন কিশোর শাহ পরান, নাহিদ ও আমির। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তমাল রায় জানান, শাহ পরান ও নাহিদ মারা গেছে। আর আমিরকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে, সাভারের পৌর এলাকার নামাবাজারে দুপুরে বজ্রপাতে মারা যান আসাদুল।