ছাদে যাত্রী ও মালামাল নিয়ে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে লঞ্চযোগে ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনালে ছিল ঈদে ঘরমুখী যাত্রীদের বেশ ভিড়। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৬৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে সদরঘাট ছেড়েছে বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ।তবে লঞ্চের ছাদে যাত্রী ও মালামাল বহন নিষিদ্ধ হলেও বেশির ভাগ লঞ্চের ছাদেই অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে দেখা গেছে। যাত্রী পূর্ণ হওয়ায় অনেক লঞ্চ নির্ধারিত সময়ের আগেই টার্মিনাল ছেড়েছে।টার্মিনালে আসতে দুর্ভোগ: নৌপথের যাত্রীদের চলাচলের সুবিধার্থে পুরান ঢাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে ওয়াইজঘাট এলাকা পর্যন্ত একমুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাঁতীবাজার ও রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত গতকাল যানজট লেগেই ছিল।সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, সদরঘাট পৌঁছাতে পথে যানজটের ভয়ে অনেকে লঞ্চ ছাড়ার পাঁচ-ছয় ঘণ্টা আগে টার্মিনালে এসে লঞ্চে বসেছিলেন। বরিশালগামী কীর্ত্তনখোলা-২ লঞ্চের যাত্রী আসলাম মিয়া বলেন, ‘আমাদের লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। যানজট এড়াতে দুপুর ১২টার দিকে মুগদা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চলে এসেছি।’যানজটের কারণে বংশাল মোড় থেকে সদরঘাট আসতে ঘণ্টা খানেক সময় লাগে কল্যাণপুরের বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের। তিনি জানান, তিনি যাবেন সুরভী-৭ লঞ্চে, এটি ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু যানজট এড়াতে ও ডেকে জায়গা নিতে বেলা ১১টায়ই চলে এসেছেন।পিরোজপুরের হুলারহাটগামী লঞ্চের যাত্রী কুদ্দুস মিয়া বলেন, এমনিতেই সদরঘাটে আসতে অনেক যানজট পোহাতে হয়েছে। তার ওপর টার্মিনালে হকারদের উৎপাত। অন্তত ঈদ মৌসুমে যাত্রীদের ভোগান্তির বিষয়টি চিন্তা করে সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।‘ছাদে অতিরিক্ত যাত্রী নয়’: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সচিব মাহবুবুল আলম বলেন, ‘কোনো অবস্থায়ই লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। যেসব লঞ্চ নিয়ম অমান্য করে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’যাত্রী বাড়বে: আজ বুধবার থেকে সদরঘাট টার্মিনালে যাত্রীর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, নৌপথে রোটেশন অনুযায়ী প্রতিদিন ৬০-৬৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যেত। গতকাল থেকে ওই রোটেশন ভেঙে দেওয়া হয়েছে। যেসব লঞ্চে যাত্রী ভরে যাচ্ছে, সেগুলো নির্ধারিত সময়ের আগেই বন্দর ছেড়ে যাচ্ছে।