ছাদের কার্নিস ধসে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল মিলনায়তনের সামনের বারান্দার ছাদের কার্নিস ধসে এক শিক্ষার্থী ও এক শিশু আহত হয়েছে। গতকাল দুপু​ের তোলা ছবি l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল মিলনায়তনের সামনের বারান্দার ছাদের কার্নিস ধসে এক শিক্ষার্থী ও এক শিশু আহত হয়েছে। গতকাল দুপু​ের তোলা ছবি l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের মিলনায়তনের সামনের বারান্দার ছাদের কার্নিস ধসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক শিশু আহত হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলো, হলের ছাত্র শাহীনুর রহমান ও দোকানের কর্মচারী শাহ পরান (১৪)। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঝড়-বৃষ্টির সময় হঠাৎ প্রচণ্ড গতিতে বাতাস বইতে শুরু করে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে শহীদ এইচ এম ইব্রাহীম সেলিম মিলনায়তনের সামনের ফাঁকা জায়গায় ছাদের কার্নিসটি ধসে পড়ে। সেখানে কাঠের ও স্টিলের বেশ কিছু বেঞ্চ ছিল। ধসে পড়া কার্নিসের চাপে কাঠের দু-তিনটি বেঞ্চও ভেঙে যায়। শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় শাহীনুর স্টিলের একটি বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু ধসে পড়া ইটের আঘাতে ঘাড়ে, পিঠে ও মাথায় আঘাত পায়। শাহ পরানের মাথায়ও ইট লাগে।
হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, এ সময় নাশতা করার জন্য এখানে অনেক শিক্ষার্থীর ভিড় থাকে। কিন্তু বৃষ্টি থাকায় অনেকেই আসেননি। কিংবা বৃষ্টি থেকে বাঁচতে অন্য কোথাও আশ্রয় নিয়েছিলেন। নইলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। ঘটনার পর এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, হলটি অনেক পুরোনো। হলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর আগে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। তাঁর দাবি, হলের স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।