ছাদের নিচে এলইডি লাইটের আলোয় সবজি চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষাগারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম জামাল উদ্দিন। ছবি: প্রথম আলো
পরীক্ষাগারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম জামাল উদ্দিন। ছবি: প্রথম আলো

শেরেবাংলা কৃষি অনুষদের একটি কক্ষে সাদা, নীল ও লাল রঙের এলইডি লাইট জ্বলছে। তার নিচে বিভিন্ন ধরনের সবজি। ছাদের নিচে সূর্যের আলোর বিকল্প হিসেবে এলইডি লাইট ব্যবহার করে খেতের সমপরিমাণ সবজি পাওয়া সম্ভব।

গত তিন বছরের গবেষণা শেষে এ তথ্য জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব¡বিভাগের শিক্ষক এ এফ এম জামাল উদ্দিন। তিনি জানান, সূর্যের আলোতে সাতটি রশ্মি থাকে। বিভিন্ন বর্ণের রশ্মি কাজে লাগিয়ে উদ্ভিদ তার খাবার তৈরি করে থাকে। ফলে বিভিন্ন রঙের আলো ব্যবহার করে সূর্যের আলোর অনুপস্থিতিতে ফসল উৎপাদন সম্ভব। দরকার আলোর সঠিক সম্মিলিত ব্যবহার।

এলইডি লাইটে সবজি চাষের সুবিধা সম্পর্কে জামাল উদ্দিন বলেন, খোলা মাঠে চাষাবাদ করা সবজিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। ফলে ফসলের পরিমাণ আর মান নষ্ট হয়। কিন্তু এলইডি লাইটে চাষ করা সবজি নিয়ন্ত্রিত পরিবেশ থাকায় রোগবালাই কম হয়। নিয়ন্ত্রিত পরিবেশে থাকার কারণে ব্যবস্থাপনা খুব সহজ হয়। আগাছাও কম হয়।

এই গবেষক জানান, জাতভেদে টমেটোর ফলন ভিন্ন হয়। তবে এলইডি লাইটের নিচে চলা গবেষণায় যে জাতের টমেটোর চাষ করা হয়েছে, তার উৎপাদন জমিতে চাষের সমান পাওয়া গেছে। বারি ১৪ টমেটো চাষ করে গাছপ্রতি ৩ থেকে সোয়া ৩ কেজি টমেটো পাওয়া গেছে বলে জানান তিনি। এ ছাড়া মরিচ চাষে চার মাসে গাছপ্রতি দেড় থেকে ২ কেজি ফলন পাওয়া গেছে, যা মাঠের ফলনের সমান। বেগুন চাষেও গাছপ্রতি ২ কেজি পাওয়া গেছে বলে জানান তিনি।

এলইডি লাইটে চাষাবাদের খরচ প্রথম অবস্থায় বেশি হলেও এই খরচে প্রায় ১০ বছর চাষাবাদ সম্ভব। এ ছাড়া এলইডি লাইটে উল্লম্ব পদ্ধতিতে (ভার্টিক্যাল অ্যাগ্রিকালচার) চাষাবাদ সম্ভব। ফলে মাঠে যেখানে এক স্তরে চাষ হয়, উল্লম্ব পদ্ধতিতে সেখানে কয়েক স্তরে চাষ করা সম্ভব। শহরের জন্য এই পদ্ধতি কার্যকর।

এই পদ্ধতিতে পাত্রের মধ্যে কোকোডাস্ট, বেলে-দোআঁশ মাটি ও কেঁচো সার দিয়ে সবজি লাগানো হয়। এরপর পরিমাণমতো আলোর এলইডি লাইট দিয়ে গাছে আলোর ব্যবস্থা করা হয়। অতিরিক্ত তাপমাত্রা তৈরি না হওয়ায় এলইডি বাল্বগুলো গাছের খুব কাছাকাছি দিলেও সমস্যা হয় না।

জামাল উদ্দিন জানান, গবেষণার প্রথম দিকে শুধু সাদা এলইডি লাইট ব্যবহার করে দেখা গেছে, এতে গাছের বৃদ্ধি ভালো হলেও ফলন কম হচ্ছে। পরে সাদা লাইটের সঙ্গে নীল বর্ণের লাইট যোগ করে দেখা যায় পাতাজাতীয় সবজি ভালো বাড়ছে। কিন্তু ফলজাতীয় সবজিতে তেমন ফলন পাওয়া যায়নি। পরের বছর সাদা ও নীল লাইটের সঙ্গে লাল লাইট দেওয়া হয়। তাতে টমেটো, বেগুন, কাঁচা মরিচ ও স্ট্রবেরির ফুল ও ফলের পরিমাণ বাড়ে।

তবে এলইডি লাইটে চাষের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন এই গবেষক। যেমন লাইট জ্বালিয়ে রাখার সময়সীমা খেয়াল রাখতে হবে। ভিন্ন ভিন্ন ফসলের ক্ষেত্রে গাছকে আলোতে রাখার সময়সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে এলইডি লাইটের আলো টাইমারের (সময় নিয়ন্ত্রণযন্ত্র) মাধ্যমে ঠিক করে দেওয়া উত্তম। 

এলইডি লাইটের মাধ্যমে ছাদের নিচে চাষাবাদের ভবিষ্যৎ বিষয়ে জামাল উদ্দিন বলেন, এ পদ্ধতিতে প্রয়োজনীয় খাবারের একটা বড় অংশ উৎপাদন সম্ভব।