ছাদের পলেস্তারা খসে পড়ল রোগীর ওপর
বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দক্ষিণ দৌলতদিয়া ইছাক মুন্সিপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম (৩৫)। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাদের পলেস্তারা খসে পড়লে তিনি আহত হন। এদিকে হাসপাতালের ভবন, কোয়ার্টার নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মহিলা ওয়ার্ডে গেলে বিলকিস বেগম বলেন, হঠাৎ ছাদ থেকে প্রচণ্ড শব্দে ছাদের পলেস্তারা মুখমণ্ডলসহ সব শরীরের ওপর পড়ে। এতে তিনি মুখে ও বুকে মারাত্মক আঘাত পান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় হাসপাতালের একটি দোতলা ভবন, তিনটি দোতলা কোয়ার্টার নির্মাণ ও সংস্কারকাজের জন্য ঢাকার তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ২০০৮ সালের জুন মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু করে ঠিকাদার। গত বছর জুনে কাজের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনো কাজ চলছে। ঠিকাদারের বিরুদ্ধে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহরের অভিযোগ করছেন স্থানীয় লোকজন এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘শুনেছি শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে।’ গত বুধবার ছাদের পলেস্তারা খসে পড়ে একজন রোগী আহত হয়েছেন। হাসপাতালের প্রতিটি কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তিনি আরও বলেন, দোতলায় রোগীরা পানি ব্যবহার করেন, আর নিচে তা আমাদের মাথার ওপর পড়ে। বৃষ্টি এলে প্রতিটি কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। এটা কোনো ভালো মানের কাজ হলো? কোনো কক্ষের দরজা ভালোমতো লাগে না। আম কাঠ দিয়ে কোয়ার্টারের দরজা লাগানো হয়েছে। তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিডেটের কাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। কাজের মেয়াদ শেষ হলেও সময় বাড়ানো যাবে। এ ছাড়া পুরোনো ছাদে কাজ হয়েছে, তাই পলেস্তারা খসে পড়েছে। তবে এটা ঠিক করে দেওয়া হবে। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন নিম্নমানের কাজ প্রসঙ্গে বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে গত মঙ্গলবার আমরা হাসপাতাল পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত ভালো মানের কাজের জন্য বলেছি।