ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত
কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ১৪ নম্বর বনকোট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো, তানিয়া, হাবিবা ও মরিয়ম আক্তার। তাদের দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস চলাকালে বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা বৃষ্টির মতো খসে পড়তে থাকে। এ সময় ক্লাসের মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ওই তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলে আসার পর সব সময়ই তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। ক্লাস চলাকালে ছাদের দিকেই তাদের বেশি মনোযোগ দিতে হয়। ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার বলেন, স্কুল ভবনটি অনেক পুরোনো। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মফিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।