ছানা দই উৎপাদনকারীরা সংকটে
টানা অবরোধ ও মাঝেমধ্যে হরতালের কারণে চাঁপাইনবাবগঞ্জের ছানা, মাওয়া ও দই উৎপাদনকারীরা দারুণ সংকটে পড়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুধ বিক্রেতারাও।
মহানন্দা নদীর ওপারে বারঘরিয়ায় কাশেম আলীর ছানা ও মাওয়া তৈরির কারখানায় গিয়ে জানা যায়, সেটি বন্ধ রয়েছে। কাশেম আলী জানান, স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন এ কারখানা থেকে ছানা ও মাওয়া মিলিয়ে ২৫০ কেজি করে ঢাকা ও সিলেটে পাঠানো হতো। অবরোধ শুরুর পর থেকে দু-তিন দিনে ৫০ কেজির মতো করে পাঠানো হয়েছে। এ কারণে কারখানা শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
কাশেম আলী আরও জানান, তাঁর এ রকম আরও কয়েকটি কারখানা রয়েছে। তিনি স্বাভাবিক সময়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কেজি ছানা ও প্রায় ২০০ কেজি মাওয়া তৈরি করে থাকেন। অবরোধের কারণে উৎপাদন অর্ধেকেরও কমে নেমে এসেছে। আগে ঢাকায় মাল পাঠাতে খরচ হতো কেজিপ্রতি সাত টাকা। এখন হয় ১২ টাকা। অন্যদিকে কয়েক দিন আগে ৮০ হাজার টাকায় সিলেটে এক ট্রাক মাল পাঠিয়েছেন। অথচ একই পরিমাণ মাল আগে পাঠিয়েছেন ৩০ হাজার টাকায়। বেশি ভাড়া দিয়ে সিলেটে মাল নিয়ে গিয়েও বিক্রীত মালের টাকা পাচ্ছেন না। ১০ লাখ টাকার মাল নিয়ে গিয়ে পেয়েছেন মাত্র তিন লাখ টাকা। এ ছাড়া কয়েক দিন আগে সিলেটে ২৫০ কেজি ছানা পাঠিয়েছিলেন। পথে সময় লেগেছে চার দিন। এতে তাঁর প্রায় সব ছানাই নষ্ট হয়ে গেছে।
কাশেম আলী বলেন, ‘এ মাসেই যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে গোটা বছর লাগবে। অবরোধ যদি অব্যাহত থাকে তবে পুঁজি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ১০ লাখ টাকা ব্যাংকঋণের বোঝাও থাকবে ঘাড়ের ওপর।’
গতকাল শনিবার কাশেম আলীর কারখানায় জাহিদ হোসেন, শামীম আলী, নুরুল ইসলাম, আবু তাহিরসহ আট-দশজন দুধ বিক্রেতার সঙ্গে কথা হয়। তাঁরা গ্রামের বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করে নিয়ে এসে কাশেম আলীর কারখানায় বিক্রি করেন। আগে তারা এখানে ১৫০ থেকে ২০০ কেজি করে দুধ বিক্রি করতেন। এখন বিক্রি করেন ১০০ কেজি। জাহিদের বিক্রি নেমে এসেছে ১৫০ কেজি থেকে ৭০-৮০ কেজিতে। এখানে দুধ বিক্রি করতে হয় কেজিতে ১০ টাকা কম দরে। এ কারখানায় তাঁদের মতো আরও ২০-২৫ জন দুধ বিক্রি করেন। সবার বিক্রি নেমে এসেছে অর্ধেকে। তাঁরা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরে কাশেম আলীর মতো কারখানা রয়েছে ছয়-সাতটি।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মহানন্দা নদীর তীরে অবস্থিত নশিপুর গ্রাম। জেলায় দই উৎপাদনকারী গ্রাম হিসেবে নশিপুরের খ্যাতি আছে। ঘোষদের প্রায় ৭০টি পরিবার দই উৎপাদনের সঙ্গে জড়িত। মজুরিতে কাজ করেন আরও প্রায় ৫০ জন। সবার অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানান এ গ্রামের নারায়ণ ঘোষ (৫৫) ও রূপকুমার ঘোষ (৩৮)। বিভিন্ন সরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তাঁরা ব্যবসা পরিচালনা করে থাকেন। এ গ্রামের সাধন ঘোষ জানান, তাঁর দই উৎপাদন পাঁচ মণ থেকে নেমে এসেছে দুই মণে। অবরোধের কারণে হিন্দুদের বিয়ে-শাদি কম হওয়ায় দই বিক্রি কমে গেছে। বিয়ের লগ্ন মাঘ মাসে ছয়টি ও ফাল্গুনে একটি। নিতাই ঘোষ জানান, তাঁর উৎপাদন তিন মণ থেকে নেমে এসেছে এক মণে। এ অবস্থা গ্রামের সবার।
তাঁরা জানান, প্রত্যেকের বাড়িতে রাখা ৭০-৮০ টাকা কেজির দই বিক্রি করতে হচ্ছে ৫০-৬০ টাকা করে। আগে এ গ্রাম থেকে ২৫-২৬ ঝুড়ি দই (প্রতি ঝুড়িতে ৫০-৬০ কেজি) রাজশাহীসহ বিভিন্ন স্থানে যেত। এখন যাচ্ছে ১০-১২ ঝুড়ি করে।
এখানে দুধ বিক্রি করেন বিশ্বজিৎ ঘোষ। তিনি জানান, আগে ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি করতেন। এখন বিক্রি করতে হচ্ছে ৩০-৩৫ টাকা করে। অথচ বাড়ি বাড়ি থেকেও তাঁদের দুধ কিনতে হয় ৩০-৩৫ টাকা করে। ব্যবসা ধরে রাখার জন্য এ দরে কিনে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এমন যে, দই উৎপাদকেরা এখন ২০ টাকা কেজি দরে দুধ কিনেও লাভের মুখ দেখতে পাবেন না।