ছাপরা ও গুচ্ছগ্রামের ঘরে দুই বিদ্যালয়ের পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ছাপরার নিচে ক্লাস করছে। এক মাস আগে বিদ্যালয়টির ভবন মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে l প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ছাপরার নিচে ক্লাস করছে। এক মাস আগে বিদ্যালয়টির ভবন মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে l প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে। এখন ছাপরা এবং গুচ্ছগ্রামের ঘরে কোনোরকমে বিদ্যালয় দুটির কার্যক্রম চলছে।
ইউনিয়নের নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এক মাস আগে নদীতে বিলীন হয়ে যায়। এর পর থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাজা মিয়ার বাড়ির আঙিনায় ছাপরা তুলে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। সরেজমিনে দেখা গেছে, ছাপরায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পাঠদান করা হচ্ছে। ছাপরার চালার চারপাশে বেড়া নেই। তাই বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে শিশুদের পড়াশোনা করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জিল্লুর রহমান জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী ১৫৭ জন। বিদ্যালয়ের সভাপতির বাড়ির একটি খোলা ঘরের পাশে ছাপরা দেওয়া হয়েছে। ছাপরায় শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে দুটি ক্লাস নেওয়া হয়। খোলা ঘরটিতে নেওয়া হয় আরেকটি ক্লাস। খোলা ঘরে আবার শিক্ষকেরা বসেনও এবং দাপ্তরিক কাজ করেন।
সহকারী শিক্ষক সাকিরন নেছা বলেন, এই বাড়িতে লেখাপড়ার কোনো পরিবেশ নেই। এভাবে পাঠদান করলে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ বলে, ‘সামনে সমাপনী পরীক্ষা। এ অবস্থায় খুব দুশ্চিন্তায় আছি।’
ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাজা মিয়া বলেন, ‘কোনো ব্যবস্থা না হওয়ায় নিজের বাড়িতে কোনোরকমে জায়গা দিয়েছি। এতে নিজেদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি বিদ্যালয়ও চলছে নামেমাত্র।’
ভাঙনে ক্ষতিগ্রস্ত আরেক প্রতিষ্ঠান আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনতী রানী দত্ত জানান, বিদ্যালয়টির ভবন ১৫ দিন আগে নদীতে বিলীন হয়ে গেছে। এর পর থেকে পাশের শিয়রবর গুচ্ছগ্রামে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। ১১৫ জন শিক্ষার্থীকে নিয়ে গুচ্ছগ্রামের তিনটি ঘরে পাঠদান করা হচ্ছে। নতুন এ গুচ্ছগ্রামে এখনো বসতি গড়ে ওঠেনি। যেকোনো সময় বসতি উঠলে এখান থেকে সরে যেতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রুবায়েত মোল্লা বলেন, শালনগর ইউনিয়নের আজমপুর ও শিয়রবর গ্রাম দুটি মধুমতী নদীর অপর (পূর্ব) পাড়ে। এ দুই গ্রামের একমাত্র বিদ্যালয়টি চালু না থাকলে এখানকার শিশুরা লেখাপড়া শিখবে না। এতে গোটা এলাকা অন্ধকারে ডুবে যাবে।
লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ওই দুই বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হবে।