ছাপা কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উদ্যোগে গতকাল রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় (বাঁ থেকে) মনজুরুল আহসান বুলবুল, আর্ল জে উইলকিনসন ও মাহ্‌ফুজ আনাম l ছবি: প্রথম আলো
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উদ্যোগে গতকাল রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় (বাঁ থেকে) মনজুরুল আহসান বুলবুল, আর্ল জে উইলকিনসন ও মাহ্‌ফুজ আনাম l ছবি: প্রথম আলো

ছাপা কাগজের দিন কি তবে শেষ হতে চলল। ফেসবুক বা টুইটারের মতো সামাজিক গণমাধ্যমই কি তথ্যের প্রধান উৎসে পরিণত হলো। সংবাদমাধ্যমগুলো কি স্মার্টফোনের উপযোগী করে সংবাদ পরিবেশন শুরু করবে। নাকি সাংবাদিকতার গুণমান ও পেশাদারির দিকেই মনোযোগ বেশি দেবে। এমন সব প্রশ্ন আর উদ্বেগ উঠে এল দেশের শীর্ষস্থানীয় সম্পাদক-সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞদের কণ্ঠে।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসনের সঙ্গে এক সভায় মিলিত হয়েছিলেন এই বিশেষজ্ঞরা। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আয়োজনে ওই সভার বিষয়বস্তু ছিল সাংবাদিকতার ভবিষ্যৎ। সেমিনারের শুরুতেই উইলকিনসন বিশ্বজুড়ে ছাপা কাগজের ভবিষ্যৎ ও ডিজিটাল সংবাদমাধ্যমের গতিপ্রকৃতি তুলে ধরেন। তিনি সংবাদমাধ্যমকে শুধু ছাপা কাগজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে না দেখে প্রতিটি সংবাদ প্রতিষ্ঠানকে নিজস্ব ব্র্যান্ড ইমেজ তৈরির ওপরে গুরুত্ব দেন। যেমন ডেইলি স্টার পত্রিকাকে শুধু একটি ছাপা কাগজ হিসেবে না দেখে একে একটি সংবাদমাধ্যম হিসেবে দেখতে হবে। এটি ফেসবুক, টুইটার, অনলাইন বা মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছাতে পারে। ফলে সংবাদের বস্তুনিষ্ঠতা, সুনাম ও গুণগত মানের পাশাপাশি এটি পাঠকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছানোর মাধ্যম হিসেবে প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে।

সেমিনারে সভাপতির দেওয়া বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম ছাপা কাগজের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, একটি পত্রিকা ২৪ ঘণ্টায় একবার ছাপা হয়। আর পাঠক এর মধ্যে ঘণ্টায় ঘণ্টায় নিত্যনতুন সংবাদ অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়ে যায়। ফলে সংবাদপত্রকে এখন অনলাইনে নিয়মিত নতুন সংবাদ প্রকাশ করতে হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহারের ওপরে জোর দিতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, তবে সাংবাদিকতার গুণগত মান, উপস্থাপনার ভঙ্গি ও প্রযুক্তির ব্যবহার এই তিনটিকে একসঙ্গে বিবেচনা করতে হবে। তবেই সে তরুণ ও আধুনিক পাঠকদের মন জোগাতে পারবে।

বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ওপরে সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন। বলেন, বাংলাদেশে স্বাভাবিক মতপ্রকাশের স্বাধীনতা এখন নেই। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সরকারি নিয়ন্ত্রণ চালু করা হয়েছে।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, শামিম রেজা, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরোপ্রধান শফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ ই মামুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও পরামর্শক সম্পাদক কামাল আহমেদ।

উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস ও বিভিন্ন গণমাধ্যমের জেষ্ঠ সাংবাদিকরা।

আর্ল জে উইলকিনসন এর আগে গতকাল সকালে প্রথম আলোর বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় ডিজিটাল মাধ্যমের উত্থানের এই সময়ে ছাপা কাগজগুলো কীভাবে টিকে থাকবে তা নিয়ে মতবিনিময় হয়। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় ওই সভায় প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমে সংবাদমাধ্যমের টিকে থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।