ছাপা পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন নিষ্প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ রোববার সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মাহফুজ আনামের সই করা এক বিবৃতিতে পরিষদ এই আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, তথ্য অধিদপ্তর গত ৯ নভেম্বর থেকে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ছাপা সংবাদপত্রগুলোরও অনলাইন সংস্করণের নিবন্ধন করতে হবে বলে জানানো হয়েছে। পরিষদ মনে করে, এটা যুক্তিসংগত নয়। ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণকে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ার বাইরে রাখা উচিত। এগুলো মূল পত্রিকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছাপাখানা ও প্রকাশনা আইনের আওতায় পরিচালিত হওয়াই অধিকতর যুক্তিসংগত।
কারণ হিসেবে পরিষদ বলছে, ছাপা সংবাদপত্রগুলো ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের (ঘোষণা ও নিবন্ধন) অধীনে ইতিমধ্যে নিবন্ধিত। ওই আইনে বর্ণিত সব শর্ত পূরণ করেই সেগুলো ঘোষণাপ্রাপ্ত ও নিবন্ধিত হয়েছে এবং ওই আইনের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রকাশনা ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে। দেশের ভেতরে ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক বাঙালি অনলাইন সংস্করণগুলোর মাধ্যমে অতি দ্রুত স্বদেশের খবর পাচ্ছেন। এখন, এই প্রতিষ্ঠিত ও পরীক্ষিত ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। বিজ্ঞপ্তি