ছাপা বইয়ের আনন্দ ই-বুকে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ছাপা বই হাতে নিয়ে পড়ার মধ্যে যে আনন্দ রয়েছে, তা ই-বুকে নেই। ই-বুক আসার পর অনেকেই বলেছিল, প্রকাশিত বইয়ের চাহিদা কমবে। কিন্তু বইয়ের ছাপা সংস্করণের একটি বিশেষত্ব রয়েছে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ‘উচ্চশিক্ষায় নন-ফিকশন বই’ শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষদ চত্বরে দ্বিতীয়বারের মতো চলছে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা। মেলার আজ শেষ দিন। ২৪টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
আলোচনা সভায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়ার জায়গা নয়, জ্ঞান সৃষ্টির জায়গাও। আর সে জন্য বই পড়া প্রয়োজন, বিশেষ করে নন-ফিকশন বই। এমন মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বই চেনা-জানার সুযোগ করে দিতে হবে।
সভায় গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যই হলো পুরোনো জ্ঞানের বিচার-বিশ্লেষণ ও নতুন জ্ঞান সৃষ্টি। তত্ত্বীয় বিজ্ঞান ছাড়া ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি উচ্চশিক্ষার বিষয়ে মননশীল নন-ফিকশন গ্রন্থই সহায়ক।
বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ঔপনিবেশিক যুগে মুক্তি আন্দোলনের সূচনায় অনেক ফিকশনের ভূমিকা ছিল। তবে ওই সময়টাতে নন-ফিকশনের যে চর্চা ছিল, সেটা সময়ের আবর্তে কমে এসেছে বলেই সত্যেন বোস, জগদীশচন্দ্র বসু, এমনকি কুদরাত-এ-খুদার মতো বিজ্ঞানী পাওয়া যায়নি। প্রকাশক মফিদুল হক, ফরিদ আহমেদ, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ প্রমুখ বক্তব্য দেন।