ছাপাখানা আধুনিক হচ্ছে কিন্তু বাঁধাই সাবেকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনায় নেই, তাই বাংলা একাডেমির ছাপাখানার আধুনিকায়ন হতে চলেছে বই বাঁধাই আর সেলাইয়ের কোনো যন্ত্র ছাড়াই। সাবেকি কায়দায় হাতে বাঁধাই করার কারণে একাডেমির বইগুলোর বাঁধাই দুর্বল হয় বলে পাঠকদের অভিযোগ। নতুন ছাপাখানা বসানোর পরিকল্পনাতেও বাঁধাই যন্ত্র অন্তর্ভুক্ত না হলে বইয়ের মান আগের মতোই থেকে যাওয়ার আশঙ্কা থাকছে।

বাংলা একাডেমির বইয়ের নিয়মিত পাঠক ও সংগ্রাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক বলেন, ‘বইকে ভালোবাসতে গিয়ে যদি পাতা খুলে যায়, তো সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। দেশি বইগুলোর বাঁধাই আন্তর্জাতিক মানের দিক থেকে অনেক পিছিয়ে, আর বাংলা একাডেমির বই বাঁধাই সেখান থেকে আরও পিছিয়ে।’

বাংলা একাডেমির আজীবন সদস্য মুহাম্মদ আবদুল হাইয়ের সংগ্রহে একাডেমি থেকে ছাপা হওয়া প্রায় ৫০টি বই আছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বইগুলোর বাঁধাইটা বেশ দুর্বল হয়। আমার সংগ্রহের অধিকাংশ বইয়ের অবস্থা অতটা উন্নত নয়।’

নাম প্রকাশ না করার শর্তে একাডেমির ছাপাখানার এক প্রবীণ বাঁধাইকারী বলেন, হাতের বাঁধাইয়ে সাধারণ সুতা ব্যবহার করা হয়। এতে সুতার বাঁধন শক্ত থাকে না। তাই সেলাই দুর্বল হয়। আর মেশিনের সেলাইয়ে নাইলনের সুতায় দ্রুত ও বেশি পরিমাণ বই সেলাই করা যায়।

ছাপাখানাটির ব্যবস্থাপক আমিনুর রহমান সুলতান বলেন, নিজেদের ছাপাখানায় আধুনিক সুবিধা ও পর্যাপ্ত জনবল না থাকায় তালিকাভুক্ত বাইরের নয়টি ছাপাখানায় একাডেমির বই ছাপা ও বাঁধাইয়ের কাজ করা হয়েছে। আরও পাঁচটি বাঁধাইখানায় শুধু বাঁধাইয়ের কাজ করিয়ে নেওয়া হয়।

দ্রুত ছাপা ও বাঁধাই করার উদ্দেশ্যে ২০১৪-১৫ অর্থবছরে তিন বছরমেয়াদি একটি প্রকল্প নেয় একাডেমি। ‘বাংলা একাডেমি প্রেস আধুনিকায়ন’ নামে এই প্রকল্পের পেছনে ব্যয় ধরা হয় ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু এই প্রকল্পে শুধু বই ছাপার মানের কথাই ভেবেছে একাডেমি। বাঁধাইয়ের মানোন্নয়নের দিকটি বিবেচনায় রাখা হয়নি।

নতুন প্রকল্পটির আওতায় এরই মধ্যে কাগজ কাটা, ভাঁজ করা (ফোল্ডিং) ও প্লেট তৈরির যন্ত্র কেনা হয়েছে। প্রকল্পটির পরিচালক জালাল আহমেদ বলেছেন, মাসখানেকের মধ্যে ছাপার যন্ত্রও কেনা হয়ে যাবে। তবে এই প্রকল্পে বই বাঁধাই ও সেলাই করার যন্ত্র কেনা হচ্ছে না, কেনার কোনো পরিকল্পনাও নেই।

প্রকল্পের প্রথম অর্থবছরে ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি প্লেট তৈরির যন্ত্র, একটি ফটোকপিয়ার, ১৯টি কম্পিউটার এবং কিছু আসবাব কেনা হয়েছে। দ্বিতীয় অর্থবছরে ২ কোটি ১৫ লাখ টাকায় কম্পিউটার থেকে সরাসরি প্লেট তৈরির (সিটিপি) যন্ত্র ও একটি ভাঁজাইযন্ত্র (ফোল্ডিং মেশিন) কেনা হয়েছে। প্রকল্প শেষ হবে এ বছর। এ বছর ৬ কোটি ৭৬ লাখ টাকায় দুটি বাইকালার অফসেট ছাপার যন্ত্র কেনা হবে।

বাংলা একাডেমির ছাপাখানা প্রথম আধুনিকায়ন হয়েছিল ১৯৭২ সালে। তখন রাশিয়া থেকে আনা একটি ছাপার যন্ত্র কেনা হয়। ছাপাখানার পরবর্তী আধুনিকায়ন হয় ১৯৯৪ সালে। সেবার জার্মানি থেকে দুটি ছাপার যন্ত্র কেনা হয়েছিল।

প্রকল্পের পরিচালক জালাল আহমেদ বলেন, নতুন যন্ত্রগুলো আসায় ছাপার কাজের গতি বাড়ছে। ছাপার যন্ত্র এলে ছাপার কাজের গতি আরও বাড়বে। শেষ ধাপে বাঁধাই বিভাগটি আধুনিক করা না গেলে ঘাটতি থেকে যাবে।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান অবশ্য বলেছেন, বাঁধাইখানার জন্য বিশাল একটা জায়গা নিয়ে বাঁধাইয়ের যন্ত্র কিনে স্থাপন করা হবে। সরকার বলেছে নতুন একটি বহুমুখী প্রকল্প দিতে। সেখানে ছাপাখানার পরবর্তী উন্নয়নের অংশগুলো রাখা হবে। এই গুরুত্বপূর্ণ যন্ত্রগুলো পরবর্তী প্রকল্পে কেনা হবে।