ছাপাখানা সরগরম
এখনো মনোনয়নপত্র দাখিল শুরু হয়নি। এরই মধ্যে সিলেট নগরে শুরু হয়ে গেছে ব্যানার-ফেস্টুনের নকশা বানানোর কাজ। প্রার্থীর নাম ও ছবির স্থান ফাঁকা রেখে আগাম পোস্টার তৈরি করে রাখছেন ছাপাখানার কর্মীরা। পরে নির্দিষ্ট প্রার্থীর নাম-ছবি বসিয়ে তাৎক্ষণিকভাবে তা ছাপিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কয়েকজন কর্মী।
গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় নগরের মুক্তিযোদ্ধা সংসদ গলি এলাকার সাতটি মুদ্রণ প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কর্মীরা নৌকা, ধানের শীষ ও লাঙল প্রতীকসহ রাজনৈতিক দলগুলোর প্রধানদের ছবিসহ পোস্টারের প্রাথমিক নকশা তৈরি করছেন।
সম্ভাব্য প্রার্থীদের কয়েকজন কর্মী-সমর্থক বসে পোস্টারের নকশা তৈরির কাজ তদারক করতে দেখা যায়।
মুক্তিযোদ্ধা সংসদ গলি এলাকার ছাপাখানা ‘সাইনটেক’-এ কর্মরত গ্রাফিক্স ডিজাইনার সৌরভ বলেন, ‘দ্রুত পোস্টার ছাপানোর অংশ হিসেবেই আগাম পোস্টারের নকশা তৈরি করে রাখছি। পরে ছবি ও নাম বসিয়ে তাৎক্ষণিক তা সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাপিয়ে দেওয়া হবে।’
মুক্তিযোদ্ধা গলি এলাকায় কথা হয় সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার বাসিন্দা খোকন মিয়ার সঙ্গে। তিনি বলেন, তাঁর এক নেতা কাউন্সিলর মনোনয়নপ্রত্যাশী। তাঁর পোস্টার আগাম তৈরি করে রাখছেন।