ছাপানো টিকিট না থাকায় যত ভোগান্তি
নীলফামারীর চিলাহাটি-ঢাকা পথের আন্তনগর নীলসাগর ট্রেনের ডোমার ও চিলাহাটি স্টেশনে ছাপানো টিকিট নেই। তাই হাতে লেখা টিকিট নিয়ে যাত্রীদের চলাচল করতে হয়। কিন্তু এভাবে টিকিট নিতে গিয়ে যাত্রীরা হয়রানির শিকার হন। এ ছাড়া সময়ও অনেক বেশি লাগে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
চিলাহাটি বাজারের ব্যবসায়ী লিটন বসুনিয়া অভিযোগ করেন, নীলসাগর ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে যাত্রা শুরু করে। অথচ এখানে ছাপানো বা কম্পিউটারাইজড টিকিট পাওয়া যাচ্ছে না। ঢাকা ছাড়াও অনেক সময় চিলাহাটি থেকে ডোমার, নীলফামারী, সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য হাতে লেখা টিকিটই নিতে হয়। আর এটি সময়সাপেক্ষ হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। আবার শেষ পর্যন্ত টিকিট সংগ্রহ করতে না পেরে বিনা টিকিটেই ভ্রমণ করতে হচ্ছে অনেককে। এতে পথে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। এ ছাড়া হাতের লেখা একটি টিকিট দিতে যেখানে দু-তিন মিনিট লাগে সেখানে ওই একই সময়ে ছাপানো বা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট দিয়ে চার-পাঁচটি টিকিট দেওয়া যায়।
নীলসাগর ট্রেনের নীলফামারী থেকে চিলাহাটিগামী যাত্রী মেরাজুল ইসলাম বলেন, নীলফামারী স্টেশনে চিলাহাটি যাওয়ার ছাপানো টিকিট না থাকায় হাতে লেখা টিকিট নিতে অনেক সময় লেগে যায়। অনেক সময় ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে যাওয়ায় টিকিট ছাড়াই ট্রেনে উঠে যেতে হয়। এতে বিনা টিকিটে ট্রেনে ওঠার বিড়ম্বনা পোহাতে হয়। এখানে ছাপানো বা কম্পিউটারে টিকিট পাওয়া গেলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়ত, অন্যদিকে যাত্রী হয়রানিও কমে যেত ।
চিলাহাটি স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘চলতি বছরের ২৮ জানুয়ারি নীলসাগর ট্রেনটি চিলাহাটি-ঢাকা পথে চলাচল শুরু করে। কিন্তু শুরু থেকেই এখানে কোনো ছাপানো টিকিট দেওয়া হয়নি। আমাদের এমনিতে জনবল কম, এর ওপর হাতে লেখা টিকিট দিতে সময় বেশি লেগে যায়। আর কম্পিউটার ব্যবস্থা তো এখনো চালুই হয়নি। চিলাহাটি থেকে ঢাকা যেতে আসন বরাদ্দ আছে সাধারণ ৪৫টি এবং এসি বাথ দুটি। এর বাইরেও বিভিন্ন স্টেশনে যাওয়ার টিকিটও দিতে হয়।’
ডোমার রেলস্টেশনের বুকিং মাস্টার মানবতার রহমান বলেন, ‘এখানে এখনো কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট দিয়ে টিকিট বিক্রির ব্যবস্থা চালু হয়নি। আর ছাপানো টিকিট না থাকায় নীলসাগর ট্রেনের যাত্রীদের হাতে লেখা টিকিট দিতে হচ্ছে। হাতে লেখা টিকিট দিতে সময়ও একটু বেশি লাগে।’
নীলফামারী স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, নীলফামারী থেকে নীলসাগর ট্রেনে ঢাকা যেতে সব স্টেশনের ছাপানো টিকিট থাকলেও চিলাহাটিগামী যাত্রীদের হাতে লেখা টিকিট দিতে হচ্ছে। এই হাতে লেখা টিকিট দিতে বিড়ম্বনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কম্পিউটারের মাধ্যমে টিকিট দেওয়ার ব্যবস্থা চালু হলে আমরা অনেক জটিলতা থেকে মুক্তি পাব।’