ফরিদপুর-রাজবাড়ী রেলপথের ফরিদপুর অংশের পাঁচটি স্টেশনে মেইল ট্রেনের টিকিট নেই। ফলে টিকিট ছাড়াই ওই ট্রেনে যাতায়াত করছেন যাত্রীরা। টিকিট পরীক্ষক (টিটিই) যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। কিন্তু এতে সরকারের রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
লাভজনক না হওয়ায় ১৯৯৭ সালে ফরিদপুর-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি ও আন্দোলনের মুখে ১৭ বছর পর ২০১৪ সালে এ পথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে একটি আন্তনগর ট্রেন চলাচল করত। কিন্তু কম স্টেশন ও ভাড়া বেশি (৪৫ টাকা) হওয়ায় যাত্রীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়। পরে গত ১৬ আগস্ট থেকে আন্তনগর ট্রেনের জায়গায় মেইল ট্রেন চালু করা হয়। ৪৫ টাকার ভাড়া কমিয়ে ১৫ টাকা করা হয়। এ ছাড়া রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে চারটি স্টেশনে (পাটুরিয়া, খানখানাপুর, বসন্তপুর ও আমীরাবাদ) থামার ব্যবস্থা করা হয়। এর ফলে এ পথে চলাচলকারী যাত্রীর সংখ্যা অনেক বেড়ে যায়। প্রতিদিন ফরিদপুর শহর থেকেই আনুমানিক পাঁচ শতাধিক যাত্রী ট্রেনে ওঠেন। ১ সেপ্টেম্বর ফরিদপুরের পাঁচটি স্টেশনের কাউন্টারে ছাপানো টিকিট ফুরিয়ে যায়। এ কারণে যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন। পাঁচ-ছয় বগিবিশিষ্ট মেইল ট্রেনে একজন টিটিই যাত্রীদের কাছ থেকে সরাসরি ভাড়া আদায় করছেন।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার বলেন, কাউন্টারে টিকিট না থাকা এবং ট্রেনের ভেতরে ভাড়া আদায় করায় এর জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। দ্রুত টিকিটের ব্যবস্থা করা হোক। কোনো কারণ বা অজুহাত দেখিয়ে এ পথে ট্রেন চলাচল যেন বন্ধ করে দেওয়া না হয়।
ফরিদপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘আমাদের ছাপানো টিকিট গত ৩১ আগস্ট শেষ হয়ে গেছে। ১ সেপ্টেম্বর থেকে জেলার পাঁচটি স্টেশনে টিকিট কেটে ট্রেনে যাত্রী ওঠাতে পারছি না। এ ব্যাপারে পাকশীতে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সমাধান মেলেনি।’